https://www.prothomalony.com/
18509
bangladesh
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০৭:৪১
চলচ্চিত্র নির্মাতা রাজীদ সিজনের পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাদিশ’ ঢাকার গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশে প্রদর্শিত হয়েছে। গত ২৪ অক্টোবর প্রতিষ্ঠানটির চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি ‘সিনে সন্ধ্যা’র অংশ হিসেবে ছবিটি প্রদর্শনের আয়োজন করা হয়।
প্রদর্শনী শেষে নিউইয়র্ক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজীদ। এ সময় তিনি চলচ্চিত্রটির নির্মাণপ্রক্রিয়া, ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি-অধিকৃত পোল্যান্ডের পটভূমিতে নির্মিত ১৫ মিনিটের চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র আকিভা নামের এক তরুণ পোলিশ ইহুদি। হলোকাস্টের ভয়াবহতার মধ্যে মায়ের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিস্থলে পৌঁছানোর চেষ্টা ঘিরে আবর্তিত হয়েছে গল্প। মৃত্যু, শোক, স্মৃতি ও মানবিক মর্যাদার বিষয়গুলো তুলে ধরতে চলচ্চিত্রটিতে ইদ্দিশ, জার্মান, পোলিশ, হিব্রু ও আরামাইক ভাষা ব্যবহার করা হয়েছে।
রাজীদের রচনা, পরিচালনা ও প্রযোজনায় নির্মিত ‘কাদিশ’ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং এ পর্যন্ত ১০টি পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কলম্বাস ইহুদি চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র এবং দক্ষিণ অ্যারিজোনা স্বাধীন চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার উল্লেখযোগ্য।
চলচ্চিত্রটি হলোকাস্টের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনাবিষয়ক আন্তর্জাতিক উদ্যোগ ‘হলোকাস্টের দৃশ্য ইতিহাস’ কর্মসূচিতেও অন্তর্ভুক্ত হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের এপ্রিল ও জুন মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় টেলিভিশন নেটওয়ার্ক জিউইশ লাইফ টেলিভিশনে ছবিটি একাধিকবার সম্প্রচারিত হয়।
এর আগে ২০২০ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কাদিশ’ প্রদর্শিত হয়েছিল। ছয় বছর পর গ্যেটে ইনস্টিটিউটের উদ্যোগে ছবিটি আবার ঢাকার দর্শকদের সামনে উপস্থাপিত হলো।
সম্প্রতি বাংলাদেশের ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এ প্রকাশিত ‘বিশ্বের নানা প্রেক্ষাপটে চলচ্চিত্র নির্মাতা রাজীদ সিজন’ শীর্ষক একটি বিশ্লেষণধর্মী নিবন্ধে লেখক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক দীপেন ভট্টাচার্য রাজীদের তিনটি চলচ্চিত্র—‘মেইজ’, ‘কাদিশ’ ও ‘ইলাইজা’—নিয়ে আলোচনা করেন। গত ২৩ অক্টোবর প্রকাশিত নিবন্ধে তিনি নির্মাতার ভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে গল্প বলার দক্ষতা, চলচ্চিত্রের নান্দনিকতা এবং সংযত নির্মাণশৈলীর প্রশংসা করেন।
বিশেষ করে ‘কাদিশ’-এর সাদাকালো চিত্রভাষা, নীরবতা ও ধীরগতির বর্ণনাভঙ্গির সঙ্গে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেই তারকোভস্কির চলচ্চিত্রের সাদৃশ্য তুলে ধরেন দীপেন। তার মতে, হলোকাস্টের মতো সংবেদনশীল ঐতিহাসিক বিষয় রাজীদ গভীর মানবিকতা ও সংযমের সঙ্গে উপস্থাপন করেছেন।
রাজীদের সাম্প্রতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইলাইজা’ নির্মিত হয়েছে নিউইয়র্কের এক বাঙালি মুসলিম ট্যাক্সিচালক ও তার রূপান্তরকামী সন্তানের সম্পর্ককে কেন্দ্র করে। ২০২৪ সালে নির্মিত চলচ্চিত্রটি ৫০টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং একাধিক পুরস্কার অর্জন করেছে।
ঢাকার গ্যেটে ইনস্টিটিউটে ‘কাদিশ’-এর প্রদর্শনী হলোকাস্টের ইতিহাস, ধর্মীয় ও জাতিগত নিপীড়ন এবং মানবিক বিপর্যয় নিয়ে বাংলাদেশের দর্শকদের সঙ্গে সংলাপ তৈরির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠেছে। ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও ঐতিহাসিক অভিজ্ঞতার মানুষের মধ্যে সহমর্মিতা ও মানবিক সংযোগের সম্ভাবনাও চলচ্চিত্রটি তুলে ধরেছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন