https://www.prothomalony.com/

18505

north-america

উত্তর আমেরিকা

জমে উঠেছে সিনেট নির্বাচন, মিশিগানে প্রচারে ট্রাম্প-ওবামা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০৬:৩৪

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচন ঘিরে জমে উঠেছে রাজনৈতিক প্রচার। ডেট্রয়েটে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভোটারদের উজ্জীবিত করেছেন। অন্যদিকে, রোববার পোর্ট হিউরন সফরে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মিশিগানের এই নির্বাচন জাতীয় পর্যায়েও বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। ক্লিক অন ডেট্রয়েটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার রাতে ডেট্রয়েটের ক্যাস টেকনিক্যাল হাই স্কুলের পরিপূর্ণ জিমনেসিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন ওবামা। আগাম ভোটগ্রহণ শুরু হওয়ায় তিনি ভোটারদের দ্রুত ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী আব্দুল আল-সায়েদ, গভর্নর প্রার্থী জোসেলিন বেনসন এবং ব্যালটে থাকা অন্য ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন চান তিনি।

ওবামা বলেন, ডেমোক্র্যাটিক পার্টি আসলে কী এবং দলটি কী ধরনের নেতৃত্ব দিতে পারে, তা আমেরিকান জনগণের সামনে তুলে ধরার এখনই উপযুক্ত সময়। তার মতে, যেসব মানুষ বিভিন্ন সমস্যার সমাধান চান, তাদের সামনে দলের সুনির্দিষ্ট পরিকল্পনা ও নেতৃত্বের ধরন তুলে ধরতে হবে। মিশিগানের এই নির্বাচন রাজ্যের জন্য একটি নতুন সূচনা এবং যুক্তরাষ্ট্রকে আরও উন্নত করার দীর্ঘ যাত্রায় গুরুত্বপূর্ণ মোড় হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে ডেমোক্র্যাটরা জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবার সুযোগ, অর্থনীতি ও মানুষের জীবনমানের ওপর গুরুত্ব দেন। গভর্নর প্রার্থী জোসেলিন বেনসন বলেন, তিনি এমন পরিবারগুলোর জন্য লড়ছেন, যাদের স্বাস্থ্যবিমার খরচ বহন করতে গিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কাকে বিমার আওতায় রাখা হবে, তা বেছে নিতে হয়।

সিনেট প্রার্থী আব্দুল আল-সায়েদ তার নির্বাচনী লড়াইকে শুধু রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছেন না। তিনি বলেন, তার লড়াই এমন একটি ব্যবস্থার বিরুদ্ধেও, যা বড় প্রযুক্তি, জ্বালানি ও ওষুধ কোম্পানিগুলোকে রাজনীতিবিদদের ওপর প্রভাব বিস্তারের সুযোগ করে দেয়।

সমাবেশে ওবামা বিশেষভাবে ভোটারদের উপস্থিতির ওপর জোর দেন। মিশিগানে আগাম ভোট দেওয়ার সুযোগ থাকায় সমর্থকদের যত দ্রুত সম্ভব ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, রোববার পোর্ট হিউরনে ট্রাম্পের সফরকে কেন্দ্র করে অঙ্গরাজ্যটির নির্বাচনী প্রচারে নতুন গতি আসার প্রত্যাশা করা হচ্ছে। মিশিগানের এই নির্বাচনী লড়াইয়ে দুই দলের প্রচার এবং ভোটারদের অংশগ্রহণ শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন