https://www.prothomalony.com/

18504

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ভোট দেওয়ার যোগ্য ১০ জনের একজন নেচারেলাইজড নাগরিক, সংখ্যা ২ কোটি ৫০ লাখ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০৬:৩১

যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য নাগরিকদের প্রায় ১০ শতাংশই নেচারেলাইজড নাগরিক। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশটিতে ভোট দেওয়ার যোগ্য প্রায় ২৫ কোটি মানুষের মধ্যে ২ কোটি ৫০ লাখ নেচারেলাইজড নাগরিক রয়েছেন। পিউ রিসার্চ সেন্টারের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

জানা গেছে, ২০০০ সালে যুক্তরাষ্ট্রে ভোট দেওয়ার যোগ্য নেচারেলাইজড নাগরিকের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ২০ লাখ, যা তখন মোট যোগ্য ভোটারের ৬ দশমিক ২ শতাংশ। ২০২৪ সালে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।

রাজ্যভিত্তিক হিসাবে ক্যালিফোর্নিয়ায় ভোট দেওয়ার যোগ্য নাগরিকদের মধ্যে নেচারেলাইজড নাগরিকের হার সবচেয়ে বেশি, ২২ শতাংশ। এরপর রয়েছে নিউ জার্সি ১৯ দশমিক ৮ শতাংশ, নিউইয়র্ক ১৮ দশমিক ৯ শতাংশ, ফ্লোরিডা ১৭ দশমিক ২ শতাংশ, হাওয়াই ১৫ দশমিক ৬ শতাংশ এবং নেভাদা ১৪ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে, মন্টানা, মিসিসিপি ও ওয়েস্ট ভার্জিনিয়ায় এ হার সবচেয়ে কম।

যুক্তরাষ্ট্রে ভোট দেওয়ার যোগ্য নেচারেলাইজড নাগরিকদের প্রায় ১৫ শতাংশের জন্ম মেক্সিকোতে। অন্য উল্লেখযোগ্য উৎসদেশের মধ্যে রয়েছে ফিলিপাইন, ভারত, চীন ও ভিয়েতনাম। এসব দেশের নাগরিকদের হার যথাক্রমে ৬ দশমিক ৪, ৫ দশমিক ৮, ৪ দশমিক ৮ ও ৪ দশমিক ৪ শতাংশ।

এদিকে নেচারেলাইজড নাগরিকদের প্রায় ৯২ শতাংশ যুক্তরাষ্ট্রে ১১ বছর বা তার বেশি সময় ধরে বসবাস করছেন। তাদের মধ্যে ৭৩ শতাংশের বসবাসের মেয়াদ ২১ বছর বা তারও বেশি।

জাতিগত পরিচয়ের হিসাবে, নেচারেলাইজড নাগরিকদের মধ্যে ৩৩ দশমিক ২ শতাংশ হিস্পানিক এবং ৩২ দশমিক ৩ শতাংশ এশীয়। শ্বেতাঙ্গ ২০ দশমিক ১ শতাংশ এবং কৃষ্ণাঙ্গ ১০ দশমিক ৭ শতাংশ। এশীয় ভোটারদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ৬৪ দশমিক ৭ শতাংশ নেচারেলাইজড নাগরিক।

ভাষার ক্ষেত্রে তাদের ৯৬ দশমিক ৪ শতাংশ ইংরেজি বলতে পারেন। তবে ৭৬ শতাংশ ইংরেজির পাশাপাশি অন্তত একটি অন্য ভাষাও ব্যবহার করেন। ঘরে ব্যবহৃত প্রধান অ-ইংরেজি ভাষার মধ্যে রয়েছে স্প্যানিশ, চীনা, হিন্দি ও সংশ্লিষ্ট ভাষা এবং ফিলিপিনো বা তাগালগ।

বয়সের দিক থেকে নেচারেলাইজড নাগরিকরা তুলনামূলকভাবে প্রবীণ। তাদের ৫৯ দশমিক ৮ শতাংশের বয়স ৫০ বছর বা তার বেশি। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যোগ্য ভোটারদের মধ্যে এ হার ৪৬ দশমিক ১ শতাংশ। নেচারেলাইজড নাগরিক ভোটারদের মধ্যম বয়স ৫৪ বছর, আর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ভোটারদের ৪৭ বছর।

আয় ও শিক্ষার ক্ষেত্রেও নেচারেলাইজড নাগরিক ভোটাররা এগিয়ে রয়েছেন। তাদের পরিবারের মধ্যম আয় বছরে ১ লাখ ৫ হাজার ডলার, যেখানে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যোগ্য ভোটারদের ক্ষেত্রে তা ৯৪ হাজার ডলার। এ ছাড়া নেচারেলাইজড নাগরিকদের ৩৯ দশমিক ৮ শতাংশের স্নাতক বা তার চেয়ে উচ্চতর ডিগ্রি রয়েছে। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যোগ্য ভোটারদের মধ্যে এ হার ৩৪ দশমিক ১ শতাংশ।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন