https://www.prothomalony.com/

18513

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে জীবনানন্দ দাশ ও গোলাম মোস্তফার স্মরণে প্রবাহের সাহিত্যসভা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০৭:৫৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কবি জীবনানন্দ দাশ ও কবি গোলাম মোস্তফার স্মরণে ২২তম সাহিত্যসভার আয়োজন করেছে প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ড. আবুল কাসেম। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক কে. এম. ফজলুল হক।

সোহেল হামিদের সঞ্চালনায় কবি আবুল বাশারের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচকরা দুই কবির সাহিত্যকর্ম, কাব্যপ্রতিভা ও বাংলা সাহিত্যে তাদের অবদান নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে সাহিত্যসভা।

বি. এম. জাকির হোসেন (হিরু) নতুন প্রজন্মকে বাংলা সাহিত্যচর্চায় উৎসাহিত করার আহ্বান জানান। তিনি গোলাম মোস্তফার ‘প্রার্থনা’ ও ‘শিশুর পণ’ কবিতা আবৃত্তি করেন। বাচিক শিল্পী এম. এ. সাদেক জীবনানন্দ দাশের ‘লোকেন বোসের জার্নাল’ কবিতা আবৃত্তি করেন। সোহেল হামিদ নিজের লেখা ‘ভোরের আজান’ কবিতা পাঠ করেন। এ ছাড়া মোহাম্মদ রউফ গোলাম মোস্তফার ‘কিশোর’ কবিতা আবৃত্তি করেন।

গ্রীণটাচের সিইও লিয়াকত ইলাহি দুই ভিন্ন ধর্মের কবিকে একসঙ্গে স্মরণ করার উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সাহিত্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি ‘বনলতা সেন’ কবিতার অংশবিশেষও পাঠ করেন।

সভাপতির বক্তব্যে ড. আবুল কাসেম বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ ও গোলাম মোস্তফার অবদানের কথা তুলে ধরে তাদের কবিতা পাঠ্যপুস্তকে আরও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। অনুষ্ঠানে জাকির হোসেন হাওলাদার, মুনতাকিম বিল্লাহ, আশেক আলিসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন