https://www.prothomalony.com/
18512
north-america
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০৭:৫৫
স্পেনের সেভিয়া শহরে শুরু হয়েছে ‘স্পেন–বাংলাদেশ এক্সপো ২০২৬’। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারত্ব বাড়ানোর লক্ষ্যে সোমবার (২৬ অক্টোবর) এ আয়োজন করে স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)। সহযোগিতা করেছে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সেভিয়ার হোটেল সেভিয়া সেন্টারে এক্সপোর উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠানে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমানসহ দুই দেশের সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তৈরি পোশাক, চামড়া ও পাদুকা খাতে বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এ ধরনের আয়োজন দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ ও বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তুলতে সহায়তা করবে। বিশেষ করে স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এ এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এক্সপোর অংশ হিসেবে ২৭ অক্টোবর আন্দালুসিয়ান পার্লামেন্ট ও সেভিয়া চেম্বার অব কমার্স পরিদর্শন করবেন প্রতিনিধিরা। ২৮ অক্টোবর মালাগা চেম্বার অব কমার্সে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন আয়োজকরা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন