https://www.prothomalony.com/
18502
north-america
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০৫:৫৬
যুক্তরাষ্ট্রে কর্মীদের ছুটি-সুবিধা বাড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। মাতৃত্বকালীন ছুটি, সন্তানের দেখাশোনা, পরিবারের অসুস্থ সদস্যের সেবা, এমনকি গর্ভপাত ও আইভিএফ ব্যর্থতার মতো ঘটনাতেও ছুটির আওতা বাড়ছে। তবে এসব সুবিধা যথাযথভাবে পরিচালনা এবং কর্মীদের কাছে সেগুলোর মূল্য তুলে ধরার ক্ষেত্রে এখনো বড় ধরনের ঘাটতি রয়েছে।
এনএফপির ২০২৭ ইউএস লিভ ম্যানেজমেন্ট রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৭৬ শতাংশ প্রতিষ্ঠান অন্তত একটি পরিচর্যাসংক্রান্ত ছুটি-সুবিধা দিচ্ছে। গত বছর এ হার ছিল ৭১ শতাংশ। এক হাজারের বেশি নিয়োগকর্তার মতামতের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে দেখা গেছে, ৬৩ শতাংশ প্রতিষ্ঠান তাদের ছুটি-সুবিধাকে উদার বলে মনে করে। তবে মাত্র ৪৮ শতাংশ মনে করে, কর্মীরাও সুবিধাগুলোকে একইভাবে মূল্যায়ন করেন।
পরিবারের অসুস্থ সদস্যের পরিচর্যার জন্য ছুটি দেওয়ার হার ২০২৩ সালের ২৯ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ৩৪ শতাংশ হয়েছে। এ ধরনের ছুটি দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৬ শতাংশ গুরুতর অসুস্থ পরিবারের সদস্যের সেবার জন্য এবং ৫৯ শতাংশ বয়স্ক ব্যক্তির পরিচর্যার জন্য ছুটি দেয়।
শোককালীন ছুটির ক্ষেত্রেও পরিবর্তন দেখা যাচ্ছে। যেসব প্রতিষ্ঠান এ ধরনের ছুটি দেয়, তাদের ৩৫ শতাংশ এখন গর্ভপাত বা আইভিএফ ব্যর্থতার ক্ষেত্রেও ছুটি দেয়। ২০২৩ সালে এ হার ছিল ২৮ শতাংশ। এ ছাড়া ৩৪ শতাংশ প্রতিষ্ঠান নিকট পরিবারের বাইরের ঘনিষ্ঠ কারও মৃত্যুতেও ছুটি দেয়।
তবে কর্মক্ষেত্রে মেনোপজ-সংক্রান্ত সুবিধা এখনো সীমিত। মাত্র ৭ শতাংশ প্রতিষ্ঠান এ বিষয়ে বিশেষ সুবিধা দেয়। অন্যদিকে, ৫৪ শতাংশ নিয়োগকর্তা জানিয়েছেন, মেনোপজ-সংক্রান্ত কর্মক্ষেত্রের সুবিধা, বিমা এবং বৈষম্যবিরোধী সুরক্ষা নিয়ে নতুন অঙ্গরাজ্য আইন সম্পর্কে তারা অবগত নন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৫ শতাংশ প্রতিষ্ঠান এখনো সন্তানের প্রধান পরিচর্যাকারী ও দ্বিতীয় পরিচর্যাকারীর ভিত্তিতে পিতামাতার ছুটির মধ্যে পার্থক্য করে। মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে ৯৩ শতাংশ প্রতিষ্ঠান ফ্যামিলি অ্যান্ড মেডিক্যাল লিভ অ্যাক্ট (এফএমএলএ) অথবা অঙ্গরাজ্যের বেতনসহ ছুটির সঙ্গে একই সময়ে ছুটি কার্যকর করে।
ছুটি ব্যবস্থাপনায় আত্মবিশ্বাসের ঘাটতিও স্পষ্ট। মাত্র ২৬ শতাংশ নিয়োগকর্তা জানিয়েছেন, ছুটির আবেদন সঠিকভাবে এবং আইন মেনে পরিচালনা করার সক্ষমতা নিয়ে তারা ‘খুবই আত্মবিশ্বাসী’। প্রায় ৪৮ শতাংশ প্রতিষ্ঠান নির্দিষ্ট সফটওয়্যার ছাড়াই অভ্যন্তরীণভাবে ছুটির আবেদন পরিচালনা করে। এদিকে, সফটওয়্যার ছাড়া কাজ করা প্রতিষ্ঠানগুলোর ৪৬ শতাংশ প্রতিটি ছুটির আবেদন পরিচালনায় তিন থেকে পাঁচ ঘণ্টা ব্যয় করে। গত বছর এ হার ছিল ৩৭ শতাংশ। বর্তমান ব্যবস্থাপনা প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট মাত্র ২৩ শতাংশ প্রতিষ্ঠান।
প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় অবশ্য ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। ছুটি ব্যবস্থাপনার সফটওয়্যার ব্যবহারকারীদের ৫০ শতাংশ তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ধারাবাহিকতাকে প্রধান সুবিধা হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি, ৩২ শতাংশ প্রতিষ্ঠান কর্মীদের ছুটি, সুস্থতা ও অন্যান্য সহায়তা এক জায়গায় পাওয়ার ব্যবস্থা চালু করেছে। আরও ৫০ শতাংশ প্রতিষ্ঠান এমন ব্যবস্থা চালুর কথা বিবেচনা করছে অথবা এতে আগ্রহী।
প্রতিবেদনটির মূল পর্যবেক্ষণ হলো, শুধু ছুটি-সুবিধা বাড়ালেই কর্মীদের সন্তুষ্টি নিশ্চিত হয় না। সুবিধাগুলো সহজে ব্যবহার করা, সঠিকভাবে পরিচালনা এবং কর্মীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়াও গুরুত্বপূর্ণ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন