https://www.prothomalony.com/

18501

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি সুবিধাভোগী ৭ কোটি ১৬ লাখ, ১৯৮০ সালের তুলনায় দ্বিগুণ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০৫:৪৫

যুক্তরাষ্ট্রে ২০২৬ সালে সোশ্যাল সিকিউরিটি সুবিধা নিচ্ছেন প্রায় ৭ কোটি ১৬ লাখ মানুষ। দেশটির সামাজিক নিরাপত্তা প্রশাসনের (এসএসএ) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অবসরপ্রাপ্ত কর্মী, প্রতিবন্ধী ব্যক্তি এবং মৃত কর্মীদের পরিবারের সদস্যদের জন্য চালু এ কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা ১৯৮০ সালের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। সে সময় সুবিধাভোগীর সংখ্যা ছিল ৩ কোটি ৫৫ লাখ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়া সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। ১৯৮০ সালে দেশটির জনসংখ্যা ছিল প্রায় ২২ কোটি ৬৫ লাখ, যা ২০২৬ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৪ কোটি ২৯ লাখে। একই সময়ে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের অনুপাত ১১ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ১৮ দশমিক ৯ শতাংশ হয়েছে।

এসএসএর তথ্য অনুযায়ী, ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে অবসরভাতা গ্রহণকারীর সংখ্যা ছিল ২ কোটি ৩২ লাখ। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৭৯ লাখে। অন্যদিকে, প্রতিবন্ধী ভাতা গ্রহণকারীর সংখ্যা গত ৪৬ বছরে ৩৩ লাখ বেড়েছে। তবে মৃত কর্মীদের পরিবারের সদস্যদের জন্য দেওয়া সারভাইভার সুবিধা গ্রহণকারীর সংখ্যা ৭৬ লাখ থেকে কমে ৫৭ লাখে নেমেছে।

কোন অঙ্গরাজ্যে সুবিধাভোগী সবচেয়ে বেশি?
২০২৫ সালের ডিসেম্বরের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি মানুষ সোশ্যাল সিকিউরিটি সুবিধা পান। সেখানে সুবিধাভোগীর সংখ্যা ৬৮ লাখ ১৪ হাজার। এরপর রয়েছে ফ্লোরিডা, টেক্সাস, নিউইয়র্ক ও পেনসিলভানিয়া।

ফ্লোরিডায় সুবিধাভোগীর সংখ্যা ৫২ লাখ ৯৪ হাজার, টেক্সাসে ৪৯ লাখ ৯৭ হাজার, নিউইয়র্কে ৩৯ লাখ ২৫ হাজার এবং পেনসিলভানিয়ায় ৩০ লাখ ৩৬ হাজার।

তবে জনসংখ্যার অনুপাতে চিত্রটি ভিন্ন। মেইনে রাজ্যের মোট জনসংখ্যার ২৭ দশমিক ৪ শতাংশ এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় ২৭ দশমিক ৩ শতাংশ মানুষ সোশ্যাল সিকিউরিটি সুবিধা পান। বিপরীতে, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় এ হার ১২ দশমিক ৭ শতাংশ।

মাসে কত টাকা ভাতা পান সুবিধাভোগীরা?
এসএসএর সর্বশেষ তথ্য অনুযায়ী, অবসরভাতা গ্রহণকারীরা মাসে গড়ে ২ হাজার ৩৪ ডলার ৫৪ সেন্ট পান। প্রতিবন্ধী ভাতার গড় মাসিক পরিমাণ ১ হাজার ৪৯৯ ডলার ৪১ সেন্ট এবং মৃত কর্মীদের পরিবারের সদস্যদের জন্য দেওয়া সারভাইভার সুবিধার গড় মাসিক পরিমাণ ১ হাজার ৬৩৬ ডলার ৩১ সেন্ট।

এদিকে, ২০২৭ সালে সোশ্যাল সিকিউরিটি সুবিধাভোগীদের মাসিক ভাতা ৩ দশমিক ৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে এ সমন্বয় করা হয়। ২০২৩ সালে মূল্যস্ফীতির প্রভাবে ভাতা ৮ দশমিক ৭ শতাংশ বাড়ানোর পর এটিই হবে চার বছরের মধ্যে সবচেয়ে বড় বৃদ্ধি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন