https://www.prothomalony.com/

18499

north-america

উত্তর আমেরিকা

নাগরিকত্ব ছাড়াই মার্কিন নির্বাচনে ভোট, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০৫:৪১

যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ২০২৪ সালের নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবক মোহাম্মদ হাচিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। ৩৩ বছর বয়সী এই যুবকের বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যাটর্নি কার্যালয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মামলার নথি অনুযায়ী, রহমান জানতেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তা সত্ত্বেও ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দেন তিনি। ওই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং কংগ্রেসের সদস্য নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়েছিল।

মেরিল্যান্ড জেলার মার্কিন অ্যাটর্নি কেলি ও হেইস এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার বাল্টিমোর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিমি পল এ মামলার তথ্য প্রকাশ করেন। তদন্তে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার ওয়াশিংটন কার্যালয় সহায়তা করেছে।

অভিযোগ প্রমাণিত হলে রহমানের সর্বোচ্চ এক বছর কারাদণ্ড হতে পারে। তবে অভিযোগ আনা মানেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, এমন নয়। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।

মামলাটি পরিচালনা করছেন সহকারী মার্কিন অ্যাটর্নি ফিলিপ মোৎসে। সাজা নির্ধারণের ক্ষেত্রে আদালত সংশ্লিষ্ট নির্দেশিকা ও আইনের অন্যান্য বিষয় বিবেচনা করবেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন