https://www.prothomalony.com/
18431
literature
তোমাদের কাছে আমার পরিচয় জগদ্দল পাথর,
কত কোটি বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছি—
এই স্থিরতার ভেতরে যে কত কথা জমে থাকে,
সে কথা কি কখনো জানতে চেয়েছ?
তোমরা কি জানো, আমি হাসি, আমি কাঁদি?
বসন্তে আমার বুকজুড়ে যে ফুল ফুটতে দেখো,
তাকে তোমরা প্রকৃতির সৌন্দর্য বলো;
শীতের দীর্ঘ নীরবতা পেরিয়ে তা তো
বুকের গহীন থেকে উঠে আসা এক টুকরো হাসি।
আর আমার কান্না?
আমার বুক চিরে নেমে আসা ঝরনার স্বচ্ছ জলে মুখ দেখো,
ছবি তোলো, তার শব্দে মুগ্ধ হও;
অথচ সে তো আমার হৃদয় ভেঙে বেরিয়ে আসা কান্নার জল,
তোমাদের চোখে যার নাম শুধু ঝরনা।
তোমাদের চোখে যা ধরা পড়ে,
তার আড়ালেও যে আরেকটি সত্য নিঃশব্দে দাঁড়িয়ে থাকে,
তোমরা কি কখনো তার কাছে পৌঁছাতে চেয়েছ?
আমি তো সেই সর্বংসহা প্রকৃতিরই এক সন্তান—
কত ঋতু, কত ঝড়, কত ক্ষয় আর কত জন্ম
আমার শরীরের ওপর দিয়ে বয়ে গেছে।
সাহিত্য থেকে আরো পড়ুন