https://www.prothomalony.com/
18432
north-america
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ ০৭:১৯
হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচনের ৩৭টি বিতর্কিত ব্যালট গণনার পর হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনের ফলাফলে পরিবর্তন এসেছে। এতে অনানুষ্ঠানিক ফলাফলে মেয়র অ্যাডাম আলহারবির চেয়ে ১২ ভোটে এগিয়ে আছেন মুহিত মাহমুদ। ২০২৫ সালের নির্বাচনের প্রায় এক বছর পর, হ্যামট্রাম্যাক শহরের ক্লার্কের কার্যালয়ে পাওয়া ৩৭টি বিতর্কিত ব্যালট গতকাল শুক্রবার ১৬ অক্টোবর গণনা করা হয়েছে এবং এই নতুন ফলাফল মেয়র পদে কে বসবেন, তা বদলে দিতে পারে। ক্লিক অন ডেট্রয়েট ডট কম সুত্রে এ খবর পাওয়া গেছে।
ওয়েইন কাউন্টি বোর্ড অফ ক্যানভাসার্স নতুন ও অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে এতে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহিত মাহমুদ ২,০৮৯ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে মেয়র অ্যাডাম আলহারবি পেয়েছেন ২,০৭৭ ভোট।
২০২৫ সালের নভেম্বরের নির্বাচনের পরদিন হ্যামট্রাম্যাক শহরের ক্লার্কের কার্যালয়ে খোলা খামের ভেতর ব্যালটগুলো পাওয়া গিয়েছিল। সেপ্টেম্বর মাসে একজন বিচারক ব্যালটগুলো গণনার নির্দেশ দেন। গতকাল শুক্রবার, ১৬ অক্টোবর, ওয়েন কাউন্টি বোর্ড অফ ক্যানভাসার্স এগুলোর পর্যালোচনা ও যাচাই-বাছাই সম্পন্ন করেছে।
ফলাফলে পরিবর্তন আসা সত্ত্বেও বোর্ড জানিয়েছে যে, নতুন মোট সংখ্যা এখনই আনুষ্ঠানিকভাবে অনুমোদন (সার্টিফাই) করা যাচ্ছে না; কারণ মাহমুদ হ্যামট্রাম্যাকে বসবাস করেন না এমন অভিযোগ নিয়ে একটি মামলা বিচারাধীন রয়েছে। এই আবাসন সংক্রান্ত মামলার শুনানি ২২ অক্টোবর ওয়েন কাউন্টি সার্কিট কোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফলাফল ঘোষণার পর মাহমুদ সমর্থকদের সাথে আনন্দ উদযাপন করেন এবং হ্যামট্রাম্যাকের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাহমুদ বলেন, "আমরা জানি না কেন তারা আগে এই সিদ্ধান্তটি নিতে পারলেন না যাতে আমাদের এসব পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হতো। আমি হ্যামট্রাম্যাক শহর, এখানকার বাসিন্দা এবং সকল ভোটারের প্রতি কৃতজ্ঞ। আপনাদের ধন্যবাদ।"
আলহারবি তাঁর আইনজীবীর সাথে নিয়ে জানিয়েছেন যে, তিনি পরাজয় মেনে নেবেন না এবং নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছেন। এছাড়া ব্যালটগুলো যখন পাওয়া গিয়েছিল, সেগুলোর অবস্থা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর আইনজীবী, নাবিহ এইচ. আয়াদ, বিষয়টি তদন্তের জন্য ফেডারেল কর্তৃপক্ষ ও অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়েছেন।
আয়াদ বলেন, "আমি শুরু থেকেই বলে আসছি যে ফেডারেল কর্তৃপক্ষের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। আপনারা যথাযথভাবে বিষয়টি খতিয়ে দেখুন। দেখা যাক, ওই ৩৭টি ব্যালটে কার কার ডিএনএ (DNA) পাওয়া যায়। ব্যালটগুলো খোলা অবস্থায় কেন? কে ওই ৩৭টি ব্যালট খুলেছিল? আর ডিএনএ-ই বা কোথায়? আঙুলের ছাপ কোথায়? আমরা ফেডারেল কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যেন তারা পুরো বিষয়টি পরিষ্কারভাবে তদন্ত করে।" হ্যামট্রাম্যাক সিটির মেয়র প্রতিযোগিতাটি আনুষ্ঠানিকভাবে এখনো অনিষ্পন্ন।
বাসস্থান সংক্রান্ত অভিযোগের বিষয়ে ২২ অক্টোবরের শুনানিটি দীর্ঘদিনের এই বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন