https://www.prothomalony.com/
18429
north-america
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ ০৩:১৭
বাংলাদেশের সাবেক অতিরিক্ত আইজিপি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের তদন্ত সংস্থার সমন্বয়ক (গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠানকে প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি তাঁর ভালোবাসা এবং বন্যপ্রাণী আলোকচিত্রের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার জন্য সম্মাননা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ফ্রাংকলিন টাউনশিপ।

১৪ অক্টোবর, বুধবার, নিউইয়র্কে প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সফররত সাবেক এই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার হাতে সম্মাননাপত্র তুলে দেন ফ্রাংকলিন টাউনশিপের কাউন্সিলওম্যান শেপা উদ্দিন।
ফ্রাংকলিন টাউনশিপের পক্ষ থেকে দেওয়া সম্মাননাপত্রে আনসার উদ্দিন খান পাঠানের দীর্ঘ কর্মজীবন, নেতৃত্ব, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন এবং প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি গভীর অনুরাগের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে শৃঙ্খলা, ন্যায়বিচার ও নেতৃত্বের পরিচয় দেওয়ার পাশাপাশি তিনি বন্যপ্রাণী আলোকচিত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রকৃতির স্বাভাবিক পরিবেশে প্রাণীদের বৈচিত্র্য, সৌন্দর্য ও জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলো ক্যামেরায় ধারণের মাধ্যমে তিনি প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ ও উপলব্ধি বাড়িয়ে তুলছেন।
সম্মাননাপত্রে তাঁর এই আলোকচিত্রচর্চাকে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের প্রতি এক ধরনের অঙ্গীকার হিসেবেও তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কাউন্সিলওম্যান শেপা উদ্দিন বলেন, প্রাণী ও প্রকৃতি নিয়ে কাজ করার মধ্য দিয়ে আনসার উদ্দিন খান পাঠান পৃথিবীকে রক্ষার দায়িত্ব পালন করছেন। তাঁর মতে, প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা কেবল ব্যক্তিগত আগ্রহের বিষয় নয়; এর সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখার দায়িত্বও জড়িত।
প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাসির খান পল, সাংবাদিক মনজুরুল হক, মাহবুব রহমান, ফরিদা ইয়াসমীন, জেবুন্নেসা জ্যোৎস্না, ড সুমাইয়া চৌধুরী, শেলী জামান খান, ভায়লা সালিনা ও রাশিদা আখতারসহ অন্যরা।
বক্তারা আনসার উদ্দিন খান পাঠানের কর্মজীবন এবং প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি তাঁর অনুরাগের কথা তুলে ধরেন। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পাশাপাশি প্রকৃতির নিবিড় পর্যবেক্ষক ও আলোকচিত্রী হিসেবে তাঁর ভূমিকা অনুষ্ঠানে বিশেষভাবে আলোচিত হয়।
সম্মাননা গ্রহণ করে আনসার উদ্দিন খান পাঠান তাঁকে স্বীকৃতি দেওয়ার জন্য ফ্রাংকলিন টাউনশিপ কর্তৃপক্ষ এবং অনুষ্ঠান আয়োজনের জন্য প্রথম আলো উত্তর আমেরিকার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রকৃতি সংরক্ষণ, পরিবেশ সচেতনতা এবং বন্যপ্রাণীর প্রতি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলার গুরুত্বও তুলে ধরে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন