https://www.prothomalony.com/

18201

new-york

নিউইয়র্ক

আবাসন ও শিশু পরিচর্যার লক্ষ্য পূরণে চ্যালেঞ্জে মেয়র মামদানি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৬

নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানির প্রশাসন আবাসন ও শিশু পরিচর্যা খাতে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করলেও তা বাস্তবায়নে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। নগর সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুনে শেষ হওয়া ১২ মাসে নিউইয়র্ক সিটিতে ২৬ হাজার ৯১৩টি সাশ্রয়ী মূল্যের অ্যাপার্টমেন্টের জন্য অর্থায়ন করা হয়েছে। এটি নির্ধারিত লক্ষ্যের চেয়ে বেশি হলেও আগের ১২ মাসের তুলনায় প্রায় ৭ শতাংশ কম। মামদানি প্রশাসন আগামী জুনের মধ্যে ২৮ হাজার ইউনিটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দীর্ঘমেয়াদে ১০ বছরে ২ লাখের বেশি নতুন সাশ্রয়ী আবাসন ইউনিট নির্মাণে ২২ বিলিয়ন ডলার ব্যয়ের লক্ষ্য রয়েছে।

তবে আবাসনের আবেদন অনুমোদনের গতি কমেছে। তিন মাসের মধ্যে অনুমোদিত প্রকল্পের হার ৭ শতাংশ এবং ছয় মাসের মধ্যে অনুমোদনের হার ২৬ শতাংশে নেমে এসেছে। একই সময়ে আবেদন অনুমোদনের মধ্যম সময় ২৬ দিন বেড়ে ২৩৬ দিনে দাঁড়িয়েছে।

শিশুদের প্রাথমিক শিক্ষায়ও কিছুটা পিছিয়ে পড়ার চিত্র দেখা গেছে। ৩-কে কর্মসূচিতে আগের তুলনায় বেশি আবেদন পড়লেও ২০২৫ শিক্ষাবর্ষে আসন পাওয়ার পর ভর্তি ২ শতাংশের বেশি কমে ৪৩ হাজার ৬৭৮ জনে নেমে আসে। প্রি-কে পর্যায়েও ভর্তি কমেছে। প্রতিবেদনে জন্মহার কমে যাওয়া, পরিবারগুলোর নিউইয়র্ক সিটি ছেড়ে যাওয়া এবং আগের প্রশাসনের পর্যাপ্ত প্রচারের অভাবকে এর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নগর কর্তৃপক্ষ অবশ্য চলতি শিক্ষাবর্ষে ৩-কে ও শিশু পরিচর্যা কর্মসূচিতে ভর্তি বাড়ার আশা করছে। মামদানি প্রশাসনের নতুন ২-কে কর্মসূচিও সেপ্টেম্বরে চালু হয়েছে। প্রথম ধাপে প্রায় ২ হাজার দুই বছর বয়সী শিশু এতে বিনামূল্যে আসন পেয়েছে।

সিটিজেনস বাজেট কমিশনের প্রেসিডেন্ট অ্যান্ড্রু রেইন বলেন, আবাসন প্রকল্পের ভবন প্রস্তুত হওয়ার পরও বাসিন্দাদের অনুমোদন ও ভবনে ওঠার প্রক্রিয়ায় আগের তুলনায় প্রায় এক মাস বেশি সময় লাগছে। অন্যদিকে, সিটিজেনস ইউনিয়নের গ্রেস রাউহ বলেন, ৩-কে আসনের প্রস্তাব পাওয়ার পরও কেন অনেক পরিবার ভর্তি হয়নি, তা খতিয়ে দেখা হলে ভবিষ্যতের প্রচার ও কর্মসূচি পরিকল্পনায় সহায়তা করতে পারে।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন