https://www.prothomalony.com/
18199
north-america
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২১
ফ্রান্সের রাজধানী প্যারিসে পরিবেশ সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সংহতি বাড়ানোর লক্ষ্যে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশি সংগঠন ‘সলিদারিতে আজি ফঁস’ (এসএএফ)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্যারিসের ১৮ নম্বর প্রশাসনিক এলাকার জুল জুফ্রাঁ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এন কে নয়নের নেতৃত্বে অনুষ্ঠিত এ অভিযানে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে প্যারিসের ১৮ নম্বর প্রশাসনিক এলাকার মেয়রের কার্যালয়।

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অভিযানে অংশগ্রহণকারীরা এলাকার সড়ক, ফুটপাত ও জনসাধারণের ব্যবহৃত বিভিন্ন স্থান পরিষ্কার করেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনপরিসর পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকেরা জানান, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এই পরিচ্ছন্নতা অভিযান পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে ১৮ নম্বর প্রশাসনিক এলাকার ফরাসি জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। আফ্রিকান বংশোদ্ভূত এক ফরাসি জনপ্রতিনিধি জানান, তিনি দীর্ঘ ছয় বছর ধরে এসএএফ সংগঠনের এ ধরনের উদ্যোগে যুক্ত রয়েছেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন বিভিন্ন দেশের মানুষের মধ্যে সহযোগিতা, সংহতি ও পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিচ্ছে।
কর্মসূচিতে দায়িত্ব পালনকারী এক ফরাসি সাবেক উপমেয়রও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পরিচালিত এ ধরনের কর্মসূচি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে।
পরিচ্ছন্নতা অভিযান শেষে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি এন কে নয়ন বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বাড়ানোই এ অভিযানের মূল লক্ষ্য। তিনি স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী ও অতিথিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, ভবিষ্যতে সামাজিক সম্প্রীতি ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রবাসীদের এমন সামাজিক উদ্যোগ ফ্রান্সে বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন