https://www.prothomalony.com/
18198
north-america
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৬
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছে নবগঠিত নির্বাচন কমিশন। বৃহস্পতিবার মাদ্রিদের লাভাপিয়েস এলাকায় অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই অঙ্গীকারের কথা জানানো হয়।
মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার জানান, কমিশনের মেয়াদ ৯০ দিন। এই নির্ধারিত সময়ের মধ্যেই ভোটার তালিকা প্রণয়ন, সদস্যপদ নবায়ন ও নির্বাচন আয়োজনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে।
কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নিতে বা ভোটার হতে প্রবাসীদের ৫ ইউরো ফি দিয়ে সদস্যপদ নবায়ন করতে হবে। বৈধ বাংলাদেশি পাসপোর্ট অথবা স্পেনের রেসিডেন্স কার্ডধারী প্রবাসীরাই ভোটার হওয়ার সুযোগ পাবেন। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবার ডিজিটাল পদ্ধতিতে ভোটার তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচনকে ঘিরে প্রবাসীদের সর্বাত্মক অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করবে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা এবং ৩০ সেপ্টেম্বর সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের সহপ্রধান মাহবুবুর রহমান ঝন্টু, সদস্য হেমায়েত খান, যুগ্ম সচিব মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, সহকোষাধ্যক্ষ সায়েদ মিয়া এবং সদস্য এমদাদ হাওলাদার, আবুল কাশেম মুকুল, জাকিরুল ইসলাম ও নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকসহ স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনাররা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন