https://www.prothomalony.com/
17790
canada
কানাডার টরন্টোতে প্রবাসী বাঙালি নতুন প্রজন্মের শিশু-কিশোরদের সংগীতচর্চার প্রতিষ্ঠান ‘সুরবিতান’ গানের স্কুলের বাৎসরিক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুলাই সন্ধ্যায় টরন্টোর হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ক্ষুদে ও কিশোর শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
সংগীতগুরু ডা. অরুণাভ ভট্টাচার্যের পরিচালনায় শিক্ষার্থীরা রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও আধুনিক বাংলা গান পরিবেশন করে উপস্থিত দর্শক ও অভিভাবকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন এনআরবি টেলিভিশনের কর্ণধার শহিদুল ইসলাম মিন্টু, সাহিত্যিক ও গবেষক সুব্রত কুমার দাস এবং সুরবিতানের প্রধান ডা. অরুণাভ ভট্টাচার্য। ডা. নীলাঞ্জনা দত্ত ও ডা. সৌমিত্র বড়ুয়া হীরকের উপস্থাপনায় অনুষ্ঠানে অভিভাবকেরা আশা প্রকাশ করেন, সুরবিতান ভবিষ্যতেও নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চায় অনুপ্রাণিত করবে।
বক্তারা বলেন, সুরবিতান শুধু সংগীত শেখানোর একটি প্রতিষ্ঠান নয়, এটি এমন একটি সাংস্কৃতিক পরিবার যেখানে শিশুরা সংগীতের মাধ্যমে সৌন্দর্যবোধ, শৃঙ্খলা, মানবিকতা ও আত্মবিশ্বাস অর্জনের সুযোগ পায়।
শহিদুল ইসলাম মিন্টু প্রবাসে বাংলা ভাষা ও সংগীতের প্রসারে ডা. অরুণাভ ভট্টাচার্যের অবদানের প্রশংসা করেন। সুব্রত কুমার দাস রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ও ইংরেজি গীতাঞ্জলির পার্থক্য তুলে ধরে শিক্ষার্থীদের সাহিত্য ও সংগীতচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংগীত মানুষের হৃদয়কে শুদ্ধ করে।
ডা. অরুণাভ ভট্টাচার্য বলেন, শৈশবে মায়ের কাছ থেকে সংগীতের হাতেখড়ি নেওয়ার পর হবিগঞ্জের যে গানের স্কুলে তিনি তালিম নিয়েছিলেন, সেই প্রতিষ্ঠানের নামেই ২০০৭ সালে টরন্টোতে ‘সুরবিতান’ প্রতিষ্ঠা করেন। তাঁর বিশ্বাস, সংগীত মানুষকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখে, মনকে আলোকিত করে এবং সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। সেই লক্ষ্য নিয়েই তিনি দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংগীত ও সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছেন।
বক্তারা সন্তানদের বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে নিয়মিত উৎসাহ দেওয়ায় অভিভাবকদেরও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কোরাস ও একক সংগীত পরিবেশন করেন টিয়ারা সেন, সানভী, পরমজ্যোতি ভট্টাচার্য, রনন বড়ুয়া, অভি রাজ কর্মকার, ইন্দ্রাক্ষী দাস বর্ণিকা, অঙ্কিতা কর্মকার, নাবিল, পৃথ্বীরাজ দাশ, অঙ্কুর ভৌমিক, অবতার সেন আভি, শুধৃতা দে রাশি, নক্ষত্র শ্রেষ্ঠ বড়ুয়া, পারমিতা প্রিয়ন্তী ঘোষ, নিবেদিতা রায় মানসী, সোহম মান্না, চারুসী সেন, অপরাজিতা বড়ুয়া রিমঝিম, জয়ীতা চৌধুরী অথৈ, বিনিতা কর্মকার, সূরজ মান্না এবং স্নেহাশীষ সাহা।
তবলায় ছিলেন অদ্রি ভট্টাচার্য। হারমোনিয়ামে সঙ্গত করেন বিনিতা কর্মকার ও ডা. অরুণাভ ভট্টাচার্য। সাউন্ড ইঞ্জিনিয়ারিং ও সংগীত তত্ত্বাবধানে ছিলেন ইমন। অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করেন ফটোশিল্পী দীপক সূত্রধর।
কানাডা থেকে আরো পড়ুন