https://www.prothomalony.com/
18549
new-york
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ০২:৫১
নিউইয়র্কে গান, আনন্দ-আড্ডা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের বার্ষিক ডিনার। গত ৩১ অক্টোবর উডসাইডের গুলশান টেরেস আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখা, পারস্পরিক সহযোগিতা ও প্রবাসে ঐক্য জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এম এস আলম। আয়োজক কমিটির আহ্বায়ক বেলাল মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক চৌধুরী সারোয়ারুল হাসান। বক্তব্য দেন সাবেক সভাপতি সাঈদা আক্তার লিলি, মোহাম্মদ হোসেন খান, সাঈদ-উর বর, মুর্শেদ আলম, সদস্যসচিব ইকবাল মুর্শেদসহ অন্যরা।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসে নতুন প্রজন্মকে শেকড় ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখার ওপর গুরুত্ব দেন। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোক প্রকাশ এবং তার পরিবারের পাশে থাকার অঙ্গীকারও করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, সাবেক প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নৈশভোজের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। গান পরিবেশন করেন লিলীমা শশী, কাজী আরিফ, ফাতেমা খান, রুহুল আমিনসহ সংগঠনের সদস্য ও নতুন প্রজন্মের শিল্পীরা। কবিতা আবৃত্তি করেন গোলাম মোস্তফা, প্রীতি, ফারুক ও আজিজুল হক মুন্না। এ ছাড়া ‘সংসার-সমাচার’ শিরোনামে বিশেষ পরিবেশনা অতিথিদের আনন্দ দেয়।
উল্লেখ্য, নিউইয়র্কে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ১৯৯৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রবাসে সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন