https://www.prothomalony.com/
17297
bangladesh
প্রকাশ: ০৩ জুন ২০২৬ ০৮:১২
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের উদ্যোগে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।
সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপমহাদেশের প্রখ্যাত নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলামের সভাপতিত্বে এবং সভাপতি ওলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী, কথাসাহিত্যিক তাহমিনা বেগম গিনি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সোহেল।
অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার বলেন, তরুণদের এ ধরনের সামাজিক উদ্যোগ হবিগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ধারাবাহিকভাবে এভাবে কাজ করে গেলে শুধু চিকিৎসাসেবাই নয়, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, স্বপ্ন সোসাইটি দীর্ঘদিন ধরে হবিগঞ্জে মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অল্প বয়সে তরুণদের এমন বৃহৎ পরিসরের মেডিকেল ক্যাম্প আয়োজন সত্যিই প্রশংসনীয়। গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের উদ্যোগে তিনি ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, ডা. জমির আলী, সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি, হবিগঞ্জ মেডিকেল কলেজের ডা. রিংকু এবং ডা. লুৎফর রহমান তহবিলদার।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, সহ-সভাপতি রেজওয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাওন খান, প্রচার সম্পাদক নাবিক হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জিসানসহ সৈয়দ রফিকুল ইসলাম, সৈয়দ মফিজুল ইসলাম, সৈয়দ মামুন, সৈয়দ শামীম, মজিবুর রহমান ঠাকুর এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন