https://www.prothomalony.com/
16979
bangladesh
পারমাণবিক নিরস্ত্রীকরণ ও এই মারণাস্ত্রের বিস্তার রোধে বিশ্বজুড়ে নেওয়া অঙ্গীকারগুলো নতুন করে ঝালাই করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে ঢাকা।
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তির (এনপিটি) ১১তম পর্যালোচনা সম্মেলনের সাধারণ বিতর্কে অংশ নিয়ে বাংলাদেশ এই অবস্থান তুলে ধরে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
বক্তব্য প্রদানকালে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার আট দশক পার হয়ে গেলেও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার স্বপ্ন এখনো অধরাই রয়ে গেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, "অব্যাহত পারমাণবিক অস্ত্র বিস্তার শুধু আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যই হুমকি নয়, এটি বৈশ্বিক উন্নয়নের পথকেও রুদ্ধ করছে।"
নিরস্ত্রীকরণের বিষয়ে বাংলাদেশের অনড় অবস্থানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সব ধরনের মারণাস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে সোচ্চার। এমনকি পারমাণবিক অস্ত্রধারী অঞ্চলে ভৌগোলিক অবস্থান হওয়া সত্ত্বেও বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে থাকার কঠোর নীতি বজায় রেখেছে।
বক্তব্যে তিনি এনপিটির অনুচ্ছেদ ৬ এর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর উচিত তাদের আইনগত বাধ্যবাধকতা মেনে চলা। এ সময় তিনি নিরস্ত্রীকরণসংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিগুলোর সর্বজনীনীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, "গঠনমূলক সংলাপ, পারস্পরিক আস্থা এবং সমন্বিত উদ্যোগই পারে আমাদের একটি পারমাণবিক থাবা মুক্ত বিশ্ব উপহার দিতে।"
বাংলাদেশ থেকে আরো পড়ুন