https://www.prothomalony.com/

16923

bangladesh

বাংলাদেশ

স্টেপ টু হিউম্যানিটির ভার্চুয়াল সংলাপে হাম নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপের আহ্বান

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ ০৩:২৪

দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় টিকাদান কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং স্বাস্থ্যব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে উন্নয়ন সংস্থা ‘স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ’।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত "হাম নিয়ন্ত্রণ বিষয়ক নীতি সংলাপ: টিকাদান কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং স্বাস্থ্যব্যবস্থার জবাবদিহিতা জোরদারকরণ" শীর্ষক এক ভার্চুয়াল সভায় বক্তারা এই আহ্বান জানান।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ। তিনি বলেন, বাংলাদেশে হামের এই পুনরুত্থান কেবল জনস্বাস্থ্য সংকট নয়, বরং নীতিগত ব্যর্থতারও প্রতিফলন। দীর্ঘদিন ধরে অর্জিত ৯০ শতাংশের বেশি টিকাদানের লক্ষ্যমাত্রা বর্তমানে অনেক ক্ষেত্রে কমে যাওয়ায় সংক্রমণের ঝুঁকি বেড়েছে। তিনি আমলাতান্ত্রিক জটিলতা ও সমন্বয়ের অভাব দূর করে দ্রুত দেশব্যাপী গণটিকাদান জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টের (বিএআরডি) সাবেক পরিচালক ড. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. সেলিনা আক্তার। তিনি জানান, গত দুই বছরে দেশে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং নিশ্চিত ও উপসর্গভিত্তিক মৃত্যুর সংখ্যা প্রায় ২১৫ জনে পৌঁছেছে। হামের কারণে নিউমোনিয়া ও অন্ধত্বের মতো জটিলতা তৈরি হতে পারে উল্লেখ করে তিনি তৃণমূল পর্যায়ে সচেতনতা ও ভিটামিনসমৃদ্ধ পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ দেন।

সভায় জানানো হয়, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ—একজন আক্রান্ত ব্যক্তি গড়ে ১২ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। উদ্বেগজনক বিষয় হলো, টিকাপ্রাপ্ত শিশু এবং ৯ মাসের কম বয়সী শিশুরাও বর্তমানে সংক্রমিত হচ্ছে।

আলোচনায় আরও অংশ নেন সাংবাদিক সাজ্জাদ হোসেন, ফিরোজ মিয়া, শামসুল হাবিব, প্রবাসী ব্যবসায়ী শাখাওয়াত ইকবাল, কানাডা প্রবাসী তামিম হোসেন এবং প্রকৌশলী কোরা হাসান ইভানা। বক্তারা গুজব প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার এবং স্বাস্থ্যসেবাকে মানবাধিকার হিসেবে গণ্য করে দরিদ্রদের জন্য বিশেষ সহায়তার দাবি জানান।

পরিস্থিতি মোকাবিলায় পাঁচ দফা সুপারিশ:

১. জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি জোরদার করা।
২. ঝুঁকিপূর্ণ শিশুদের ক্ষেত্রে ৬ মাস বয়স থেকেই টিকাদানের নীতিগত বিবেচনা।
৩. স্বাস্থ্যব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
৪. রিয়েল-টাইম ডাটা মনিটরিং ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলা।
৫. গণসচেতনতা ও কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধি করা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী কোরা হাসান ইভানা। বক্তারা একমত হন যে, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও শতাধিক শিশুর মৃত্যু আমাদের সমষ্টিগত ব্যর্থতারই প্রতিচ্ছবি।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন