https://www.prothomalony.com/
16813
bangladesh
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ ০১:২৮
বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে উন্নত বিশ্বের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের জন্য একটি নাগরিক চার্টার প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানী ঢাকায় ‘স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ’ এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তারা বলেন, কানাডা, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর অভিজ্ঞতা অনুসরণ করে বাংলাদেশের জন্য একটি কার্যকর নাগরিক চার্টার তৈরি করা যেতে পারে। প্রস্তাবিত চার্টারে সংবিধানের মূলনীতি, মানবাধিকার, আইনের শাসন, দুর্নীতি দমন, স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশনের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রশাসনিক জবাবদিহিতা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ওয়াশিংটন ডিসি থেকে বক্তব্য দেন প্রবীণ প্রবাসী সাংবাদিক ও মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ। তিনি বলেন, বাংলা নববর্ষ হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের ধারক। দেশের স্বাধীনতাকে আরও অর্থবহ করতে প্রচলিত সংবিধানের আলোকে একটি নাগরিক চার্টার প্রণয়ন জরুরি।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক উৎসব নয়; এটি বাঙালির সর্বজনীন আনন্দোৎসব। মুঘল সম্রাট আকবরের আমলে খাজনা আদায়ের সুবিধার্থে ‘ফসলি সন’ প্রবর্তনের মাধ্যমে বাংলা সনের সূচনা হয়, যা পরে ‘বাংলা সন’ নামে পরিচিতি পায়। সময়ের পরিক্রমায় পহেলা বৈশাখ একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশের সভাপতি ড. কামরুল হাসান। তিনি বলেন, দেশে মানবাধিকার উন্নয়নকে কার্যকর করতে প্রশাসনের সর্বস্তরে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারের নেওয়া ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়ন করা গেলে দেশে স্থিতিশীলতা ও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর সাবেক পরিচালক ড. আনোয়ার জাহিদ।
আলোচনায় অংশ নেন নাসিমা আক্তার, খায়রুল আহসান মানিক (ইউএনবি), সাজ্জাদ হোসেন (বাসস), ফিরোজ মিয়া (দৈনিক ভোরের সূর্যোদয়), শামসুল হাবিব (যুগান্তর), সাইফুর হাসান, শাওকাত ইকবাল, এসরার জাহিদ ও কোৱা হাসান ইভানা।
সাংবাদিক সাজ্জাদ হোসেন বলেন, বর্তমান সরকার নাগরিক অধিকার, মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন ও জাতীয় ঐক্যের মতো বিষয় সামনে রেখে পার্লামেন্টে আলোচনা চালিয়ে যাচ্ছে, যা ইতিবাচক পরিবেশ তৈরি করছে।
এদিকে প্রবীণ সাংবাদিক এ এস এম হাবিবুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দেলোয়ার জাহিদ। তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ ও পেশাদার সাংবাদিককে হারাল।’ সভায় তার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোৱা হাসান ইভানা।
বাংলাদেশ থেকে আরো পড়ুন