https://www.prothomalony.com/
16593
bangladesh
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ ০২:০২
জাতিসংঘে নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশন (CSW70)-এ বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ১৭ মার্চ দেওয়া ওই বক্তব্যে তিনি বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিচয় বা আর্থ-সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি, যাতে তারা নির্ভয়ে এবং কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আইনি সহায়তা ও বিচার পেতে পারে। তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদান আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে।
ড. খলিলুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত এবং ডিজিটাল বিভাজন নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে, যা বিশেষভাবে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের ওপর বেশি প্রভাব ফেলে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নারী নেতৃত্বের বিকাশ, বিচারব্যবস্থা শক্তিশালী করা এবং মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, জাতিসংঘের নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশন ৯ থেকে ১৯ মার্চ পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনে সকল নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা, বৈষম্যমূলক আইন বাতিল এবং কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন