https://www.prothomalony.com/
16539
bangladesh
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় হোস্ট কমিউনিটির জন্য খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (KSrelief)-এর অর্থায়নে “Emergency Food Assistance for Rohingya and Host Communities in Bangladesh” প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার (১১ মার্চ) সকালে কক্সবাজারের উনচিপ্রাং এলাকার এফডিএমএন ক্যাম্প-২২ এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, প্রায় নয় বছর ধরে রোহিঙ্গারা বাংলাদেশে শরণার্থী হিসেবে অবস্থান করছে। মানবিক কারণে বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দিয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের সহায়তা করে যাচ্ছে। সৌদি আরবের এই খাদ্য সহায়তা কর্মসূচি মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি।
আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক ও ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাম্প-ইন-চার্জ (সিনিয়র সহকারী সচিব) রাজীব চৌধুরী, আইএসডিই কর্মসূচি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, রোহিঙ্গা রেসপন্স কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মো. জসিম উদ্দীন সিদ্দিকী, কর্মসূচি কর্মকর্তা তাজউদ্দীন, মিল অফিসার মোস্তাক আহমদ এবং ফিল্ড অফিসার সুপম বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, আইএসডিই বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ এবং রোহিঙ্গা কমিউনিটির মাঝি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে এস এম নাজের হোসাইন বলেন, প্রকল্পের আওতায় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় হোস্ট কমিউনিটির দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে, যার বেশিরভাগই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রদান করা হবে। এর মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পুষ্টির ঘাটতি পূরণে সহায়তা করা সম্ভব হবে। তিনি বলেন, পবিত্র রমজান মাসে অনেক সুবিধাবঞ্চিত পরিবারের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এই সহায়তা তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে।
অনুষ্ঠানে জানানো হয়, এই প্রকল্পের আওতায় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় হোস্ট কমিউনিটির মোট ৬০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হবে। এর মধ্যে ৪২ হাজার প্যাকেট রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এবং ১৮ হাজার প্যাকেট কক্সবাজারের স্থানীয় হোস্ট কমিউনিটির পরিবারের জন্য নির্ধারিত রয়েছে। উনচিপ্রাং এলাকার এফডিএমএন ক্যাম্প-২২ এ ১ হাজার ৫০০ রোহিঙ্গা পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে রয়েছেন বৃদ্ধ, শিশু, বিধবা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সুবিধাবঞ্চিত মানুষ। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ৩ কেজি চিনি এবং ১ কেজি লবণ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন