https://www.prothomalony.com/

16367

literature

সাহিত্য

কবি ও ছড়াকার ধনঞ্জয় সাহা পেলেন ‘এনএসজি-এদিন বর্ষসেরা পুরস্কার ২০২৫’

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ২৩:২১

রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কবি ও ছড়াকার ধনঞ্জয় সাহাকে ‘দৈনিক এদিন সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়েছে। নর্থ সাউথ গ্রুপ (এনএসজি) আয়োজিত এ অনুষ্ঠানে গত ২ ফেব্রুয়ারি পত্রিকাটির উদ্বোধনী আয়োজনে তাকে এ বিশেষ সম্মাননা ও বর্ষসেরা পদক তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে গত এক বছরে সমাজে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আরও কয়েকজন লেখক, সাংবাদিক, গবেষক ও শোবিজ ব্যক্তিত্বকে আনুষ্ঠানিকভাবে পদকে ভূষিত করা হয়।

ধনঞ্জয় সাহাকে এই পুরস্কারে ভূষিত করা হয় তার ছড়া ও কবিতার অভিনব সমন্বয়ের জন্য, যা সম্প্রতি প্রকাশিত ‘পাঁচ দশকের পাঁয়তারা’ গ্রন্থে সৃজনশীল রূপ পেয়েছে। কলকাতা কবিতা একাডেমি–এর চেয়ারম্যান কবি সুবোধ সরকার এই নতুন ধারার লেখার নামকরণ করেছেন ‘ছড়াবিতা’।

বাঙালি জাতিসত্তার কবি ও বাংলা একাডেমি–এর সাবেক মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এ সৃষ্টিশীল প্রয়াস সম্পর্কে বলেন, এই লেখাগুলো গতানুগতিক কবিতা থেকে স্বতন্ত্র ও ভিন্নমাত্রিক। গ্রন্থে সংকলিত স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও প্রবহমান গদ্যছন্দে রচিত কবিতাগুলোকে তিনি পরীক্ষামূলক ও অভিনব প্রয়াস হিসেবে উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, কবির এই ব্যতিক্রমী সৃজন পাঠকের হৃদয়ে নতুন দোলা সৃষ্টি করবে।

অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারায় ধনঞ্জয় সাহার পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন প্রবীণ কবি ও ‘হেলাল গীতি’র প্রণেতা কবি নজমুল হেলাল। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ছড়াবিতা’ বাংলা সাহিত্যে একটি শক্তিশালী নতুন সংযোজন। তিনি কবি ধনঞ্জয় সাহার পক্ষ থেকে আয়োজক ও বিচারকমণ্ডলীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সাহিত্য থেকে আরো পড়ুন