https://www.prothomalony.com/
16284
literature
প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৬ ০৫:৪৯
অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে কথাসাহিত্যিক ও সাংবাদিক শিব্বীর আহমেদের নতুন গল্পগ্রন্থ 'বিসর্জন'। এটি তার ৪১তম বই। বইটি প্রকাশ করছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। ‘বিসর্জন’ উপন্যাসের সঙ্গে আরও চারটি গল্প সংযোজন করে গ্রন্থটি সাজানো হয়েছে। বাস্তব ঘটনাকে কেন্দ্র করে রচিত হলেও বইয়ের সব চরিত্রই কাল্পনিক। পাঠকের আশপাশের জীবনের সঙ্গে গল্পগুলোর বাস্তবতার মিল খুঁজে পাওয়া যাবে।
সন্তানের প্রতি মায়ের টান এবং মা হওয়ার আকাঙ্ক্ষা অধিকাংশ নারীর জন্য স্বাভাবিক ও গভীর প্রবৃত্তি। কিন্তু একজন নারী যখন জানতে পারেন, তিনি মা হতে পারবেন না, তখন তা তার জীবনে বড় মানসিক ও আবেগীয় সংকট তৈরি করে। যেহেতু মাতৃত্বকে অনেক সময় নারীত্বের পূর্ণতা হিসেবে দেখা হয়, তাই এ সংবাদ তার আত্মপরিচয় ও ভবিষ্যতের স্বপ্নে গভীর আঘাত হানে।
অন্যদিকে, স্বামী যখন নিঃসন্তান হওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ান, তখন নারীর অন্তর্গত মাতৃত্ববোধ ও দাম্পত্যের প্রতি আনুগত্যের মধ্যে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়। এই পরিস্থিতিতে আকাঙ্ক্ষা পূরণে একজন নারী কতটা ত্যাগ বা বিসর্জন দিতে পারেন, তা নিয়েই জীবনঘনিষ্ঠ ও সংবেদনশীল গল্প ‘বিসর্জন’।
শিব্বীর আহমেদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামে। তিনি ব্যবস্থাপনায় স্নাতকোত্তর (এমকম) ও সফটওয়্যার সিস্টেমে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেছেন। তিনি হজ সম্পন্ন করেছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টি। বিশেষ অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন। পাশাপাশি রচনা করেছেন বহু গান।
ভালোবাসার সিক্ত পথে এগিয়ে যাওয়া মানুষেরা কেউ কেউ সহজেই অতীত ভুলে যায়, আবার কেউ কোনো দিন ভোলে না। যারা ভোলে না, শিব্বীর আহমেদ তাদেরই একজন। নীরব তার জীবন। নিজের ছোট্ট জগতে, নিজ হাতে গড়া এক বৃত্তের মধ্যে তার বসবাস। সেই বৃত্তেই তিনি নীরবে একাকী থাকেন। কেউ কেউ একে অহংকার বলে ভুল করেন। অথচ এসব কিছুই তাকে ভাবায় না। ক্রোধ নয়, হিংসা-বিদ্বেষ নয়, এক বুক ভালোবাসা আর নীরব অভিমান নিয়েই তিনি এগিয়ে চলেন তার নিজস্ব বৃত্তে।
সাহিত্য থেকে আরো পড়ুন