https://www.prothomalony.com/

16181

bangladesh

বাংলাদেশ

নবীগঞ্জের শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৬ ০২:৫১

হবিগঞ্জের নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে গ্রন্থাগার প্রাঙ্গণে র‍্যালি, বইপাঠ, আলোচনা সভা, পাঠপ্রতিক্রিয়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি।’ সকালে মেইন রোড থেকে গ্রন্থাগার পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে বিভিন্ন লেখকের বই থেকে পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রন্থাগার পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতনের সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রিপন দাশ প্লাবনের সঞ্চালনায় সভা শুরু হয়। এতে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস, মুক্তিযুদ্ধের শহীদ ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭নং করগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক লিপটন দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তরুণ সমাজকর্মী নারায়ণ দাশ। আরও বক্তব্য দেন জয় দাশ, সৃষ্টি রাণী দাশ, মেঘলা দাশ, তীর্থ দাশ, রকি দাশসহ অন্যরা।

বক্তারা বলেন, গ্রন্থাগার একটি জাতির আলোকবর্তিকা। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। তরুণদের স্মার্টফোনের আসক্তি কমিয়ে বইমুখী হওয়ার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠান শেষে পাঠপ্রতিক্রিয়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। পাঠপ্রতিক্রিয়ায় সজীব দাশ, জয় দাশ, সৃষ্টি রাণী দাশ, তীর্থ দাশ, সুষ্মিতা দাশ মেঘনা ও রকি দাশ এবং চিত্রাঙ্কনে প্রিয়া রাণী দাশ, রাজশ্রী দাশ, অর্পিতা দাশ প্রমি, পূজা দাশ, অনুপমা দাশ ও পল্লবী দাশ মৌমিকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন