https://www.prothomalony.com/
16172
bangladesh
মানবিক সংগঠন নূরুল ফাউন্ডেশন–এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ ফেব্রুয়ারি শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার আইরল বাজারে এক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূরুল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদ, সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. সাবের শাহ, হাফেজ হামিদুর রহমান, স্থানীয় সাংবাদিক জাকির রহমান, সমাজসেবক হাবিবসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা।
মনসুর আহমদ তার বক্তব্যে বলেন, নোয়াগাঁও ইউনিয়নে অনেক সম্পদশালী মানুষ রয়েছেন, যারা চাইলে নূরুল ফাউন্ডেশনের মতো মানবিক উদ্যোগে এগিয়ে আসতে পারেন। তিনি বলেন, “অনেকের ধনসম্পদের অভাব নেই, কিন্তু সহযোগিতার মানসিকতার অভাব রয়েছে। ইউনিয়নের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এগিয়ে আসতেন, তাহলে আরও অনেক গ্রামে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হতো।”
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূরুল খান বলেন, “আমি বিশ্বাস করি, দান করে কেউ দরিদ্র হয় না। আমাদের সব সম্পদই স্রষ্টার দান।” তিনি আরও বলেন, “স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে স্রষ্টার দেওয়া সম্পদ ব্যয় করতে হবে।”
ভাইস চেয়ারম্যান মো. সাবের শাহ সংগঠনের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে জানান, অসুস্থতার ধরন ও প্রকৃতি বিবেচনা করে বোর্ডের অনুমোদনক্রমে প্রত্যেক সাহায্যপ্রার্থীকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। জরুরি প্রয়োজনে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোনো কোনো প্রার্থীকে একাধিকবারও আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

মতবিনিময় সভায় ফাউন্ডেশনের সহায়তাপ্রাপ্ত ও সহায়তাপ্রার্থী শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অনেকেই অশ্রুসজল চোখে সহায়তা পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা নূরুল ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র প্রবাসী নূরুল খানের আর্থিক সহযোগিতায় মানবিক সংগঠন নূরুল ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ফাউন্ডেশনের আওতাভুক্ত নোয়াগাঁও ইউনিয়নের আইরল, বচিউড়া ও বারিউড়া—এই তিনটি গ্রামের শতাধিক মানুষ নগদ অর্থ সহায়তা পেয়েছেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন