https://www.prothomalony.com/
16074
bangladesh
শিক্ষার্থীদের ঐতিহ্যের প্রতি আগ্রহ সৃষ্টি ও স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসের জ্ঞান বাড়ানোর লক্ষ্যে সিলেটে ‘ঐতিহ্য অলিম্পিয়াড-সিলেট’ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সিলেটের ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমেদ যাদুঘরে এ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের সভাপতি ও যাদুঘরের পরিচালক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. জিয়া উদ্দিন আহমেদ, বিশ্ব সিলেট সম্মেলনের বৈশ্বিক সমন্বয়ক। বিশেষ অতিথি ছিলেন কর্নেল (অব.) মোহাম্মদ আবদুস সালাম বীর প্রতীক ও জার্মান প্রবাসী ঐতিহ্য গবেষক শামসুল মজিদ চৌধুরী সাকী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আব্দুল করিম চৌধুরী কিম, সভা সঞ্চালনা করেন রেজাউল কিবরিয়া লিমন। আলোচনায় অংশ নেন বিভিন্ন শিক্ষাবিদ ও শিক্ষক ড. নাজিয়া চৌধুরী, শামীমা বানু চৌধুরী, শেফালী সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, ঐতিহ্য হলো প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছানো মূল্যবোধ ও সংস্কৃতির উত্তরাধিকার, যা নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে।
ঐতিহ্য অলিম্পিয়াডে শিক্ষার্থীরা ভাষা সৈনিক মতিন উদ্দিন জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, শিল্পকর্ম, স্মারক ও বিভিন্ন ঐতিহাসিক উপকরণ দেখবে এবং সংক্ষিপ্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিজয়ীদের পুরস্কৃত করা হবে। পরবর্তীতে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ প্রতিযোগিতার মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চলেও এই কার্যক্রম সম্প্রসারিত করা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মো. আব্দুল কাইয়ূম, ব্লুবার্ড স্কুলের প্রদীপ চন্দ্র দেবনাথ, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের জাহাঙ্গীর আলম, সিলেট গ্রামার স্কুলের মিনাক্ষী চৌধুরীসহ সিলেট মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রধানদের প্রতিনিধিরা।
বাংলাদেশ থেকে আরো পড়ুন