https://www.prothomalony.com/

16053

bangladesh

বাংলাদেশ

যান্ত্রিকতার যুগে মানবিক মানুষ হয়ে বাঁচতে হবে: ভাইস চ্যান্সেলর

প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬ ০৫:৫৫

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যান্ত্রিকতার এই যুগে আমাদের মানবিক মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে। জাতির মনন ও মূল্যবোধ গঠনে কবি–সাহিত্যিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) ভবনের হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএস–বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম ও জন প্রবাদ সাহিত্য কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সৈয়দা আয়েশা আহমেদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, একটি জাতি কতটা সভ্য, তাদের শিকড় কত গভীরে প্রোথিত, তা সাহিত্য থেকেই বোঝা যায়। কবি ও সাহিত্যিকেরা মানবিক অনুভূতির ধারক ও বাহক। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবিক চেতনা রক্ষায় তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, সংবর্ধিত সাহিত্যিক সৈয়দা আয়েশা আহমেদ শুধু একজন কবি বা ঔপন্যাসিক নন; তিনি একজন সফল মা, একজন সফল ব্রিটিশ বাংলাদেশি এবং এমবিই সম্মানে ভূষিত ব্যক্তির সহধর্মিণী। তিনি হবিগঞ্জ তথা দেশের গর্ব। তার সাহিত্য আমাদের অস্তিত্বের গভীর সত্যের কথা তুলে ধরে। তাকে সম্মাননা জানিয়ে মূলত আমরা নিজেরাই সম্মানিত হয়েছি।

বই পড়ার গুরুত্ব তুলে ধরে ভাইস চ্যান্সেলর বলেন, বর্তমান সময়ে মানুষ ক্রমেই বই থেকে দূরে সরে যাচ্ছে। আমরা মাল্টিমিডিয়া, ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর হয়ে পড়ছি। লেখকেরা বহু সাধনা ও শ্রমের মাধ্যমে সাহিত্য সৃষ্টি করেন, অথচ পাঠের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। নতুন প্রজন্মকে বইমুখী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইউএস–বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি ও লোকগবেষক আবু সালেহ আহমদের সভাপতিত্বে এবং নাহিদা খান সুর্মির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ, শিবগঞ্জ শাখার অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন, গবেষক ও সাহিত্যিক কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং এফআইভিডিভির এডুকেশন প্রোগ্রামের পরিচালক শিরিন আক্তার।

এ ছাড়া বক্তব্য দেন কলামিস্ট বেলাল চৌধুরী, কবি আক্তারুজ্জামান সুমন, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিরা সৈয়দা আয়েশা আহমেদের হাতে সম্মাননা মেডেল ও ক্রেস্ট তুলে দেন। সংবর্ধনার জবাবে তিনি আয়োজক ও উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানসম্মত সাহিত্য সৃষ্টির মাধ্যমে পাঠকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন