https://www.prothomalony.com/

16040

bangladesh

বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানির বিরোধিতায় ছয়শ কিলোমিটারের পদযাত্রা শুরু

প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬ ০১:৫৬

জলবায়ু পরিবর্তন, নদী অবক্ষয় এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ননীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশে ছয়শ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শুরু করেছেন পরিবেশকর্মী মাসবিকুল হাসান টনি।

২৪ জানুয়ারি শনিবার সকাল সাতটায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ অববাহিকার সীমান্তসংলগ্ন চর ইটালুকান্দা থেকে এই একক পদযাত্রার সূচনা হয়। “নদীতে প্রাণের কান্না: বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে দাঁড়াও”—এই শিরোনামে আয়োজিত কর্মসূচিটি বাস্তবায়ন করছে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ( ধরা) এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই পদযাত্রায় মাসবিকুল হাসান টনি উত্তরাঞ্চলের কুড়িগ্রাম থেকে পায়ে হেঁটে ছয়শ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরিতে, বঙ্গোপসাগর উপকূলে গিয়ে যাত্রা শেষ করবেন।

সংগঠনগুলোর দাবি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের নদী ব্যবস্থা ও নদীনির্ভর জনজীবন আজ চরম সংকটে রয়েছে। একদিকে নদী রক্ষায় কার্যকর উদ্যোগের ঘাটতি, অন্যদিকে জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে অগ্রাধিকার দেশের পরিবেশগত ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। নদীর অবক্ষয়, জলবায়ু পরিবর্তন এবং জীবাশ্ম জ্বালানির বিস্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ও জনসচেতনতা সৃষ্টি করাই এই পদযাত্রার মূল লক্ষ্য।

পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা সংগঠনের সদস্যসচিব শরীফ জামিল, পর্বতারোহী ও সংগঠনের সভাপতি ইকরামুল হাসান শাকিল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর মোহাম্মদ আলী, ধরিত্রী রক্ষায় আমরা জামালপুর জেলার আহ্বায়ক মাহবুবুর রহমান মহব্বত, সাংবাদিক শফিকুল ইসলাম আজাদ খানসহ পরিবেশ ও মানবাধিকার আন্দোলনের কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধরিত্রী রক্ষায় আমরা জামালপুর জেলার সদস্যসচিব মোহাম্মদ এনামুল হক।

বক্তারা বলেন, উজানের পানি আগ্রাসন, অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা নদীমাতৃক বাংলাদেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। এই ছয়শ কিলোমিটারের পদযাত্রা নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির একটি সাহসী উদ্যোগ। জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার বার্তাও তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন