https://www.prothomalony.com/
16015
bangladesh
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা ইনকের সভাপতি সাবিনা শারমিন নিহারের পিতা অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে সিনিয়র সহসভাপতি অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত ও সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম তালুকদার বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জানুয়ারি সন্ধ্যা পৌঁনে আটটায় নিউইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
মরহুমের জানাজা ১০ জানুয়ারি জোহরের নামাজের পর নিউইয়র্ক সিটির ব্রুকলিনে অবস্থিত বেলাল মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে নিউ জার্সির মার্লবোরো মুসলিম মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম তালুকদার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কড়লডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন।
ছাত্রজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ১৯৫৪ সালে তৎকালীন ঢাকা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষায় তিনি মেধাতালিকায় ২৪তম স্থান অর্জন করেন। তিনি চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি–নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন