https://www.prothomalony.com/
16009
bangladesh
প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬ ০৩:২৯
যুব সমাজকে উদ্বুদ্ধ করতে খেলাধুলা একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ—এমন মন্তব্য করেছেন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’-এর প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস (রাজু)। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতের পাশাপাশি শৃঙ্খলা, টিমওয়ার্ক, নেতৃত্বগুণ ও সহনশীলতা গড়ে তোলে। পড়াশোনা ও কর্মব্যস্ততার মাঝেও খেলাধুলা তরুণদের সুস্থ প্রতিযোগিতামূলক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রবিবার (১৭ জানুয়ারি) রাত ১০টায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে সংস্থার কার্যালয়ে আয়োজিত ‘মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক বিপ্লব দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব সত্যব্রত দাশের সঞ্চালনায় শুরুতেই ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নম্বর সার্কেল পঞ্চায়েতের সরপঞ্চ ও স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক শ্রীমান সনাতন দাস এবং শ্রীমান দীননাথ দাসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক জনি দাশ ও ট্রেজারার নিউটন দাশ। এছাড়াও বক্তব্য দেন সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশসহ পার্থ সারথী দাশ, উৎস দাশ, নয়ন দাশ, জয়ন্ত দাশ, কানাই দাশ, সৌমিত্র দাশ ও নিত্য দাশ প্রমুখ।
উল্লেখ্য, মিনি নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘মুক্তাহার ক্লাব’ এবং রানার-আপ হয় ‘এফসি ব্রাদার্স’। টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো— দূরন্ত স্পোর্টিং ক্লাব, শাপলা স্পোর্টিং ক্লাব, সনাতন-দীননাথ কিশোর সংসদ, সুপারস্টার, মুক্তাহার ব্রাদার্স, রাইজিং স্টার, আমরা করবো জয় ও বিএফএফ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং সংস্থার পক্ষ থেকে খেলাধুলার সামগ্রী হিসেবে ‘ট্রায়েন্ডা ফুটবল–২০২৬’ প্রদান করা হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন