https://www.prothomalony.com/
15993
bangladesh
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬ ০১:২৩
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পদক্ষেপ গণপাঠাগারের নিয়মিত প্রকাশনা ‘আলোর পদক্ষেপ’ এর মোড়ক উন্মোচন এবং বার্ষিক বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) পাঠাগার ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঠাগারের সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জাহানারা খাতুন।
এস এম মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, আবৃত্তিশিল্পী সৈয়দ ফয়সল আহমদ, আইনজীবী আব্দুল আওয়াল মাস্টার, সাংবাদিক মিলন রশিদ, কবি এস এম তাহের, মাজহারুল ইসলাম, কবি জিন্নুন নাহার খানম নিপা ও কবি হারুন সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহুবল পাবলিক লাইব্রেরির কর্মী আলফু মিয়া, কবি মতিউর রহমান, হুমায়ুন কবির মিলন, হুমায়ুন কবির চৌধুরী, আশরাফ হোসেন রুবেল, মোহাম্মদ নূরুদ্দীন, বশির মাস্টার, রুপু দেব, সাংবাদিক জিয়াউল হক জুমন, প্রবাসী মাসুক আহমেদ, নাসির চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
বক্তারা বলেন, 'আলোর পদক্ষেপ' প্রকাশনাটি এ অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। নান্দনিক বিন্যাসে জাতীয় ও আঞ্চলিক লেখকদের লেখায় সমৃদ্ধ এ প্রকাশনার সঙ্গে যুক্ত সবাইকে প্রশংসা করেন তারা।
আয়োজকেরা জানান, বইপড়া প্রতিযোগিতায় তিনটি শাখায় অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা তিনটি বই পাঠ করে লিখিত মূল্যায়নে অংশ নেন। বইগুলো ছিল— সোফির জগৎ, প্রদোষে প্রাকৃতজন এবং সৈয়দ মুজতবা আলী: শ্রেষ্ঠ রম্যরচনা।
সভাপতির বক্তব্যে মোস্তফা মোরশেদ বলেন, পদক্ষেপ গণপাঠাগার বাংলাদেশের ‘ক’ শ্রেণির পাঠাগার হওয়ায় বইপড়া প্রতিযোগিতার গুণগত মান বজায় রাখা জরুরি। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাহানারা খাতুন বলেন, পদক্ষেপ গণপাঠাগার বইপড়া আন্দোলনের একটি অনন্য প্রতিষ্ঠান। বই মানুষকে সত্যিকারের মানুষে পরিণত করে।
অনুষ্ঠানে তিনটি শাখায় নয়জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে বই উপহার দেওয়া হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন