https://www.prothomalony.com/
15991
bangladesh
হবিগঞ্জে প্রবীণ সাংবাদিক ও আইনজীবী মনসুর উদ্দিন আহমেদ ইকবালের লেখা ‘হবিগঞ্জে সাংবাদিকতার ৫৭ বছর’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তার গ্রন্থটি শুধু সাংবাদিকতার ইতিহাস নয়; হবিগঞ্জের মুক্তিযুদ্ধ, শিক্ষা, ক্রীড়া, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, শিল্পায়ন, পর্যটন, হাওর–বাওর, কৃষি, সমাজ ও রাজনৈতিক বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দলিল।
তিনি আরও বলেন, দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা, আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকেও মনসুর উদ্দিন আহমেদ ইকবাল নিজেকে কলুষতামুক্ত রাখতে পেরেছেন, যা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ। সঞ্চালনা করেন পরিবেশকর্মী তোফাজ্জল সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাহিত্যিক জাহান আরা খাতুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী শফিকুর রহমান চৌধুরী এবং সাহিত্যিক তাহমিনা বেগম গিনি।

লেখক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল তার বক্তব্যে গ্রন্থটির প্রেক্ষাপট ও বিষয়বস্তু তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিশু বিশেষজ্ঞ ডা. জমির আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাংবাদিক তবারক আলী লস্কর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি সোয়েব চৌধুরী ও চৌধুরী মো. ফরিয়াদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল দীর্ঘ ৫৭ বছর ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন