https://www.prothomalony.com/
15919
bangladesh
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ০১:০১
তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এম এ মালিকের
বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)।
বক্তব্যে এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি দেশ পরিচালনায় আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। তাঁর আদর্শ ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা।”
এম এ মালিক আরও বলেন, চিকিৎসা শেষে নেত্রীর সঙ্গে লন্ডনে অবস্থানকালে তিনি দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার করেন। সেই অঙ্গীকার থেকেই তিনি স্থায়ীভাবে দেশে ফিরে এসেছেন এবং আজীবন জনগণের সেবায় কাজ করে যেতে চান।
তিনি বলেন, “আজকের এই শোককে আমাদের শক্তিতে রূপান্তর করতে হবে। আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সামনে জাতীয় নির্বাচনে দেশবাসীর সমর্থনে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। বিএনপির পক্ষে এবং এম এ মালিকের পক্ষে এই অঞ্চলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার।
তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে নিজের ও দলের জন্য দোয়া কামনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারী এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।
এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী সুফি, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নেহারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন