https://www.prothomalony.com/

15917

bangladesh

বাংলাদেশ

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মতো ‘শব্দকথা সাহিত্য উৎসব’

প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ০০:৫২

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মতো ‘শব্দকথা সাহিত্য উৎসব’

ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ হবিগঞ্জকে দেশব্যাপী তুলে ধরার লক্ষ্য নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘শব্দকথা সাহিত্য উৎসব–২০২৬’। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শব্দকথা প্রকাশনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও লেখক আবু তাহের মুহাম্মদ জাবের। শব্দকথা প্রকাশনের প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শব্দকথা লেখক-পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরপদার জামান ও সদস্য নাহিদা খান সুর্মি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, শিশুসাহিত্যিক জাহান আরা খাতুন, অধ্যাপক ড. মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, কবি আয়েশা আহমেদ, চিকিৎসক ডা. জমির আলীসহ আরও অনেকে।

দ্বিতীয় পর্বে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শব্দকথা সাহিত্য পুরস্কার–২০২৫’ প্রদান করা হয়। কবিতায় নুরুন্নাহার মুন্নি, ছড়াসাহিত্যে অজয় রায় এবং শিশুসাহিত্যে তাহমিনা বেগম গিনি এ পুরস্কার পান। সংগীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় সংগীতজ্ঞ স্বদেশ চন্দ্র দাশকে।

এ ছাড়া উৎসবে শব্দকথার উৎসব সংখ্যা প্রকাশ, মীর ফয়সল আহমেদের উপন্যাস *হিয়ারেখা*-এর মোড়ক উন্মোচন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেধাবৃত্তি প্রদান ও পিঠা মেলার আয়োজন করা হয়। শেষ পর্বে দেশাত্মবোধক ও লোকসংগীতসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন