https://www.prothomalony.com/

15803

literature

সাহিত্য

প্রবাসী সম্মাননায় ভূষিত লেখক-গবেষক ড. এম এ মোশতাক

প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬ ১৪:৪০

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘প্রবাসী সম্মাননা–২০২৫’ অনুষ্ঠানে প্রবাসী লেখক, গবেষক ও কমিউনিটি সংগঠক ড. এম এ মোশতাককে সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট নগরের কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা প্রবাসী ব্যক্তিত্বদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসির খান। জেলা প্রশাসক মো. সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর সম্মাননা পান ড. এম এ মোশতাক। তিনি সিলেট শহরের লেচুবাগান পীরমহল্লা এলাকার মরহুম আব্দুর রউফের জ্যেষ্ঠ পুত্র।

ড. এম এ মোশতাক টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রবাস বার্তা ২৪ ডটকমের সম্পাদক। এ ছাড়া তিনি প্রবাসী বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়কসহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

প্রবাস জীবনের পাশাপাশি তিনি সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি সিলেট শহরে সুপ্রিম ল চেম্বারে আইনজীবী হিসেবে কাজ করছেন এবং এলিট ট্রেনিং সেন্টারের পরিচালক হিসেবে শিক্ষা ও প্রশিক্ষণ খাতে অবদান রাখছেন।

সম্মাননা গ্রহণের পর ড. এম এ মোশতাক বলেন, ‘এই সম্মাননা আমার দীর্ঘ ৩৫ বছরের সামাজিক ও কমিউনিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি। এটি আমাকে দেশ ও মানুষের কল্যাণে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।’ তিনি এ সম্মাননার জন্য সিলেট জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, প্রবাসীরা দেশের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের অবদানকে স্বীকৃতি দিতেই এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

সাহিত্য থেকে আরো পড়ুন