https://www.prothomalony.com/
15750
bangladesh
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ ০২:৪৮
সিলেট জেলা প্রশাসনের সম্মাননা পেলেন কানাইঘাটের প্রবাসী মোহাম্মদ জাকারিয়া
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘প্রবাসী সম্মাননা ২০২৫’-এ সম্মাননা পেয়েছেন কানাইঘাট উপজেলার যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ জাকারিয়া। স্বাধীনতার পর এই প্রথম ছয়টি ক্যাটাগরিতে মোট ১০৩ জন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট নগরের কবি নজরুল অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। দেশের বাইরে অবস্থান করেও নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, এমন প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

‘সফল পেশাজীবী’ ক্যাটাগরিতে সম্মাননা পান সিলেটের কানাইঘাট উপজেলার বাণিগ্রামের কৃতিসন্তান, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মোহাম্মদ জাকারিয়া। তিনি যুক্তরাজ্য সরকারের একজন জ্যেষ্ঠ সিভিল সার্ভেন্ট হিসেবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে ১৬ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি এক বিলিয়ন পাউন্ডেরও বেশি মূল্যের কৌশলগত সরকারি বিনিয়োগ পোর্টফোলিওর নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে তিনি দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশে যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক উন্নয়ন বিনিয়োগ কার্যক্রমে বাজেট লিড হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে প্রাতিষ্ঠানিক ও পেশাগত সম্পর্ক জোরদারে সক্রিয় ভূমিকা রাখছেন।
প্রবাসে অবস্থান করলেও জন্মভূমির প্রতি তার দায়বদ্ধতা উল্লেখযোগ্য। ব্যক্তিগত উদ্যোগে তিনি কানাইঘাট অঞ্চলে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত সহায়তা করে আসছেন।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক সারওয়ার আলম, মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ ও জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই নয়, পেশাগত সাফল্যের মাধ্যমেও বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা বাড়াচ্ছেন। তাদের অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হলে নতুন প্রজন্ম দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হবে।
এই সম্মাননা শুধু একজন প্রবাসীর ব্যক্তিগত অর্জন নয়; এটি সিলেটসহ পুরো বাংলাদেশের জন্য গর্বের প্রতীক বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ থেকে আরো পড়ুন