https://www.prothomalony.com/
15724
bangladesh
হবিগঞ্জে দুই দিনব্যাপী পার্থ-সঞ্জীব জন্মোৎসব
হবিগঞ্জে দুই দিনব্যাপী ‘পার্থ-সঞ্জীব জন্মোৎসব ২৫’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরীর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা, পার্থসারথি চৌধুরী সাহিত্য সম্মাননা প্রদান, কবিতা আবৃত্তি সন্ধ্যা, বইমেলা ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়।
পার্থ-সঞ্জীব স্মৃতি পরিষদের সভাপতি সিদ্দিকী হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের (অব.) অধ্যক্ষ অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনি, পদক্ষেপ আবৃত্তি পরিষদের সভাপতি নাসরিন হক, সম্মিলিত নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল এবং খোয়াই থিয়েটারের সভাপতি ও পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেল।
শুভেচ্ছা বক্তব্য দেন খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ ও শিক্ষক-কবি তাহমিনা খাতুন। আলোচনা পর্ব সঞ্চালনা করেন পার্থ-সঞ্জীব স্মৃতি পরিষদের সহ-সাধারণ সম্পাদক মহাথির মোহাম্মদ। আলোচনা শুরুর আগে কবিতা আবৃত্তি সন্ধ্যা পরিবেশন করে চারুকণ্ঠ শিল্পাঙ্গন।
সভায় বাংলা গবেষণা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক জাহান আরা খাতুনকে ‘পার্থসারথি চৌধুরী সাহিত্য সম্মাননা ২৫’-এ ভূষিত করা হয়। প্রধান অতিথি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্বের হাতে স্মারক তুলে দেন। সম্মাননাপ্রাপ্তের জীবনী পাঠ করেন পারমিতা মোদক এবং মানপত্র পাঠ করেন মৌমিতা রায় তুলি।
বাংলাদেশ থেকে আরো পড়ুন