https://www.prothomalony.com/

15681

bangladesh

বাংলাদেশ

শিক্ষা, সংবাদ ও সংস্কৃতিকে ভয় পায় তারা: মোমিন মেহেদী

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ ০১:১৮

শিক্ষা, সংবাদ ও সংস্কৃতিকে ভয় পায় তারা: মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাম্প্রতিক সময়ের একাধিক হামলা ও সহিংসতার ঘটনায় প্রমাণ হয়েছে, শিক্ষা, সংবাদ ও সংস্কৃতিকে ভয় পায় একটি গোষ্ঠী। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলা, খুলনায় প্রেস ক্লাব সভাপতিকে গুলি করে হত্যা এবং ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর তার লাশে আগুন দেওয়ার ঘটনাগুলো সেই বাস্তবতাই তুলে ধরেছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয় মিলনায়তনে ‘পুড়ছে দেশ–সমাজ: জাতির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোমিন মেহেদী। সভাটির আয়োজন করে নতুনধারা বাংলাদেশ এনডিবি ঢাকা মহানগর উত্তর।

মোমিন মেহেদী বলেন, দেশ যদি প্রকৃত দেশপ্রেমিক শক্তির দ্বারা পরিচালিত হতো, তাহলে এতগুলো ঘটনা একসঙ্গে ঘটার সুযোগ পেত না। তিনি বলেন, এসব ঘটনার পর গত ২৪ ঘণ্টার মধ্যে সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া উচিত ছিল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ওয়াজেদ রানা। সভায় বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত পলাশ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আল মামুন মণ্ডল, সদস্য শাহানাজ জাহান, নূরুল আজিমসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের প্রেসসহ বিভিন্ন মালামাল লুটের ঘটনায় কারা জড়িত, তা দেশের মানুষ দেখেছে। অতীতের মতো রাজনীতির নামে অপরাজনীতি, দুর্নীতি ও সন্ত্রাসের চেষ্টা হলে জনগণ আবারও তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেশকে অস্থিতিশীল করে কোনো গোষ্ঠী ফায়দা হাসিল করতে চাইলে সাহসী জনতা তার কঠোর জবাব দেবে বলেও বক্তারা মন্তব্য করেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন