https://www.prothomalony.com/
15511
bangladesh
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৪:১০
হবিগঞ্জ জেলার সাংস্কৃতিক ইতিহাসে নাট্যচর্চার গুরুত্বপূর্ণ অংশ ‘খোয়াই থিয়েটার’। দীর্ঘ চার দশকের অধিক সময় ধরে সংগঠনটি জেলার নাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় ৪৩তম বর্ষে পদার্পণ করেছে নাট্যসংগঠনটি। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় সুধী সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক–বাহক হিসেবে খোয়াই থিয়েটার দীর্ঘ পথচলায় গৌরবের অবস্থান তৈরি করেছে। ৪২ বছর পার করে সংগঠনটির ৪৩তম বর্ষে প্রবেশ দেশের সাংস্কৃতিক ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী, নাট্যসংগঠক অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, ‘ধরা’র আহ্বায়ক তাহমিনা বেগম গিনি, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, তবারাক আলী লস্কর ও সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পীযূষ চক্রবর্তী।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যমেলা হবিগঞ্জের সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, শায়েস্তাগঞ্জ থিয়েটারের দলপ্রধান বাবুল মল্লিক, প্রতীক থিয়েটারের সহসভাপতি আমোদ মাল, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম পাবেল, দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক যোশেফ হাবিব এবং গ্রাম থিয়েটারের হেমাঙ্গ বিশ্বাস অঞ্চলের সমন্বয়কারী প্রদীপ বণার্জী। স্বাগত বক্তব্য দেন খোয়াই থিয়েটারের সহসভাপতি সিদ্দিকী হারুন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকান্ত গোপ।
.jpg)
আলোচনা শেষে মঞ্চস্থ হয় খোয়াই থিয়েটারের ৫১তম প্রযোজনা সুকান্ত গোপ রচিত ও নির্দেশিত নাটক ‘ভাব তরঙ্গে দীনহীন’। নাটকে অভিনয় করেন সন্ধি, সীমা, তাওহীদ, হাসান, তাকদীর, অভিক, অর্পণ, রামকৃষ্ণ, ইয়াসিন, আরিফ ও হাবিব।
এর আগে শোভাযাত্রা ও শিশু-কিশোর নাট্যসংগঠন ‘সুন্দরম’ এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সহসভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, অর্থসম্পাদক আব্দুল হামিদ, যুগ্মসম্পাদক মুক্তাদির হোসেন, দপ্তর সম্পাদক ওসমান গনি রুমি, প্রচার সম্পাদক হ্যাপি ভৌমিক, জুবায়েদ হোসেন, রাজন দাশসহ থিয়েটারের নাট্যকর্মীরা।
বাংলাদেশ থেকে আরো পড়ুন