https://www.prothomalony.com/

13916

bangladesh

বাংলাদেশ

জুলাইয়ে অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার দাবি নতুনধারার

প্রকাশ: ২৮ জুন ২০২৫ ০০:২৩

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, "দেশকে ও জনগণকে কষ্টে না রেখে দ্রব্যমূল্য কমিয়ে, অপচয় বন্ধ করে, অনতিবিলম্বে জুলাই মাসে অপরাধী ও দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার শুরু করতে হবে।"

শুক্রবার (২৭ জুন) বেলা ১১টায় রাজধানীর তোপখানা রোডের ২৭/৭ নম্বর ভবনের বিজয় মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য গাজী মনছুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য হরিদাস সরকার, আফতাব মণ্ডল প্রমুখ।

মোমিন মেহেদী বলেন, “নির্মম হলেও সত্য—গত ১১ মাসে দেশে স্বৈরাচার ফিরেছে শিক্ষার্থী-ব্যবসায়ী সিন্ডিকেট ও আমলা-উপদেষ্টাদের কাঁধে ভর করে। যে কারণে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের সরকার খ্যাত ড. ইউনূসের সরকার দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তারা ‘জুলাই যোদ্ধাদের’ তালিকা দিলেও ‘জুলাই অপরাধীদের’ তালিকা দিতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে বর্তমান সময়ের দুর্নীতিবাজদের তালিকা প্রণয়নে তাদের সম্পূর্ণ ব্যর্থতা ফুটে উঠেছে।”

তিনি অভিযোগ করেন, “সরকারের একটি অংশ প্রবাসী ইউটিউবারদের দ্বারা প্রভাবিত হয়ে সহিংসতা ছড়ানোর নায়ক হয়ে উঠেছে। তারা এখন লাম্পট্যে, দুর্নীতি ও চাঁদাবাজিতে মত্ত। অন্য অংশটি সরকারকে খাদের কিনারায় নিয়ে গিয়ে ১১ মাস আরাম-আয়েশে সময় কাটিয়ে এখন বিপ্লবী সরকারের ঘোষণা দিচ্ছে।”

এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছর ধরে যেমন জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ছিল, তেমনই এখনও রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করেন মোমিন মেহেদী। তিনি বলেন, “২০১২ সালের ৩০ ডিসেম্বর যেভাবে আমাদের আত্মপ্রকাশ হয়, এখন তেমনই নতুন করে জনগণকে সংগঠিত করে লড়াইয়ে নামব।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী ছাত্রদের দাবির পক্ষে অতীতে কঠোর কর্মসূচি দিয়েছে নতুনধারা। দেশের মানুষ ভুলে যায়নি—২০২৪ সালের ২৮ জুন দুর্নীতিবিরোধী সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয় এবং আমাদের নেতাকর্মীদের আহত করে। তবু আমরা পিছিয়ে যাইনি। ছাত্র, যুব ও জনতাকে সঙ্গে নিয়েই আমরা মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকব। দেশের স্বার্থবিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াব।”

বাংলাদেশ থেকে আরো পড়ুন