https://www.prothomalony.com/
13902
bangladesh
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী (এফসিএ)। তিনি আগামী ৪ জুলাই অনুষ্ঠেয় ঈদ পুনর্মিলনীতে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় ঈদ পুনর্মিলনী উদযাপন পরিষদের প্রচার, প্রকাশনা ও মিডিয়া উপকমিটির সভায় এ আহ্বান জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন উপকমিটির আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ও পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্যসচিব কামরুল হাসান হারুন, সদস্য এম এ হালিম, উপকমিটির সদস্যসচিব হাফিজ আল আসাদ, যুগ্ম আহ্বায়ক দাউদ আব্দুল্লাহ লিটন, সোহরাব হোসেন সোহেলসহ অন্যান্য সদস্য।
সভায় আসলাম চৌধুরী বলেন, ‘সর্বসম্মতিক্রমে দায়িত্ব নেওয়ার পর ঈদ পুনর্মিলনী আয়োজনের অনুরোধ জানানো হলে আমি তাতে সম্মতি জানাই। আমি মনে করি, এই আয়োজনের মধ্য দিয়ে সবাই একত্রিত হবেন, সংলাপ হবে এবং যৌক্তিক ঐকমত্যে পৌঁছেই সংগঠনকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।’
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের নিয়ে করা কটূক্তি, ব্যক্তিগত আক্রমণ ও বিভাজন সৃষ্টিকারী বক্তব্য নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। বলেন, ‘এ ধরনের বিব্রতকর পরিস্থিতির অবসান হওয়া উচিত।’
চবির অগ্রজ এসএম ফজলুল হক ও অনুজ মুতাসিম বিল্লাহ ফারুকীর প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা অতিথি হয়ে অনুষ্ঠানটিতে অংশ নিন, মতামত দিন। প্রাক্তন শিক্ষার্থীরা যদি আপনাদের নেতৃত্ব চান, তবে আমার আর আহ্বায়ক হিসেবে থাকার প্রয়োজন নেই।’
এ ছাড়া প্রাক্তন ভিপি মাহমুদুর রহমান মান্না, মাজহারুল হক শাহ, জসিম উদ্দীন সরকারসহ সব প্রাক্তন নেতাদের ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণের অনুরোধ জানান আসলাম চৌধুরী।
তিনি বলেন, ‘পুনর্মিলনী ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। আমরা অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। নগর পুলিশের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস পাওয়া গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটিএসবি) রুহুল কুদ্দুস বলেন, ‘চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ উপস্থিত থাকবে না—এই শর্তে আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে।’
বাংলাদেশ থেকে আরো পড়ুন