https://www.prothomalony.com/
13859
bangladesh
প্রকাশ: ২৪ জুন ২০২৫ ০৬:৫৯
‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫। সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুর রহমান।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে নীলফামারী বড় মাঠে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী খেলায় পৌরসভা ফুটবল দল ৪-০ গোলে ডিমলা উপজেলা দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। দলের পক্ষে আল-আমিন ২টি, দীপক ও আবু সাঈদ ১টি করে গোল করেন। ম্যাচসেরা হন আল-আমিন।
এ বছরই প্রথমবারের মতো জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে এ ও বি—দুই গ্রুপে মোট ৮টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টটি যৌথভাবে স্পন্সর করেছে অপূর্ব সিড অ্যান্ড হিমাগার লিমিটেড, ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড এবং সেলিম ফাউন্ডেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, সেনা ক্যাম্পের লে. নাফি আবরার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ ছাড়া জেলা শহরের নৃত্যশিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং মাদকবিরোধী র্যালিও আয়োজন করা হয়।
আগামী ৩০ জুন ফাইনাল খেলার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে। আয়োজক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, বিজয়ী দল পাবে ৫০ হাজার টাকা ও রানারআপ দল পাবে ৩০ হাজার টাকা পুরস্কার। প্রতিটি দল বাইরের জেলা থেকে দেশি-বিদেশি মিলিয়ে তিনজন খেলোয়াড় নিতে পারবে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, এই আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন প্রয়াত মোহাম্মদ সেলিম। তিনি ২০২৩ সালের ২৩ জানুয়ারি নিউইয়র্কে ইন্তেকাল করেন। তার স্মরণে গড়ে তোলা হয়েছে ‘সেলিম ফাউন্ডেশন’। যার পেছনে রয়েছেন তার ভাতিজি নাওয়াল হাসান।
বাংলাদেশ থেকে আরো পড়ুন