https://www.prothomalony.com/
13086
literature
১৪২৯ সাল পেরিয়ে ১৪৩০-এ পা রাখার প্রহর। চৈত্রের খররৌদ্র শেষে বৈশাখের প্রথম প্রভাতে যে উৎসবের রেশ ছড়িয়ে পড়ে বাংলার মাটি থেকে নিউইয়র্ক, লন্ডন, টরন্টো কিংবা টোকিও পর্যন্ত—তা শুধু একটি দিনের সীমানায় আবদ্ধ নয়। বাংলা নববর্ষ বাঙালির অস্তিত্বের সুর, সংস্কৃতির আত্মপ্রকাশ, আর বিশ্ব দরবারে স্বকীয়তার অভিযাত্রা। বাংলা সনের জন্মলগ্ন জড়িয়ে আছে মোগল সম্রাট আকবরের রাজকীয় সিদ্ধান্তের সাথে। ১৫৮৪ সালে ফসলি সনকে রূপান্তরিত করে তৈরি হয় বাংলা ক্যালেন্ডার। কিন্তু এরও আগে থেকে বাংলার কৃষিজীবী সমাজ চৈত্রসংক্রান্তিতে বিদায় দিতো পুরনো বছরকে, বরণ করত নতুন ফসলের আশায় ভরা নতুন সন।
নববর্ষের এই চেতনা কেবল পঞ্জিকার পাতা নয়—এটি মাটির গন্ধে মিশে থাকা মানুষের প্রাণের হিসাব। এটি আমাদের হাজার বছরের ইতিহাস, জীবনচক্র, কৃষিভিত্তিক সভ্যতা, লোকজ সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের ধারক ও বাহক। বাংলা নববর্ষ সেই বিরল উপলক্ষ, যা ধর্ম, শ্রেণি, ভাষা ও মতাদর্শের সীমারেখা মুছে দিয়ে মানুষকে মানুষ হিসেবে উদ্যাপনের ডাক দেয়।
বাংলা নববর্ষের উদ্যাপন কোনো একক সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না কোনোদিনই। বরং এটি একেবারে মাটির কাছাকাছি থাকা সাধারণ মানুষের মাঝে জন্ম নিয়েছিল। কৃষিকাজ, ঋতুপরিক্রমা এবং হালখাতার সাথে এ নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত।
মুঘল আমলে রাজস্ব আদায়ের জন্য আকবরের শাসনকালে বাংলা সন চালু হলেও, এটি অচিরেই জনজীবনের অংশ হয়ে ওঠে। বছর শেষে দেনা-পাওনার হিসেব চুকিয়ে, ব্যবসায়ীরা ‘হালখাতা’ খুলতেন। সঙ্গে থাকত মিষ্টিমুখ, অতিথি আপ্যায়ন, উৎসবমুখর পরিবেশ।
এভাবেই বাংলা নববর্ষ হয়ে ওঠে একটি জাতির সম্মিলিত আনন্দযাত্রা। রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান, ঢাবির চারুকলার “মঙ্গল শোভাযাত্রা”, কিংবা পাড়ায়-মহল্লায় পালিত বৈশাখী মেলা—এসবই বাঙালির প্রাণের উৎসবের বহিঃপ্রকাশ।
বাংলাদেশ রাষ্ট্রটি যখন ভাষার ভিত্তিতে গড়ে ওঠে, তখন তার আত্মপরিচয়ের সাথে জড়িয়ে যায় বাংলা নববর্ষের এই অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসবটি। এটি এখন কেবল বর্ষবরণ নয়—একটি জাতীয় ঐক্যের দিন, একটি সাংস্কৃতিক প্রতিরোধের রূপও বটে।
যখনই দেশীয় সংস্কৃতির উপর নানা চাপ এসেছিল, তখন পয়লা বৈশাখ দাঁড়িয়েছিল এক প্রবল সাংস্কৃতিক আত্মরক্ষার প্রতীক হিসেবে। সেই ধারা আজও বহমান। যতবার জাতি সংকটে পড়েছে, বাঙালি নতুন করে ফিরে তাকিয়েছে এই উৎসবের দিকে—আত্মপরিচয়ের জন্য, ঐক্যের জন্য, এবং ভবিষ্যতের আশার জন্য।
আজকের বৈশ্বিক বাস্তবতায় বাংলা নববর্ষ কেবল বাংলাদেশেই সীমিত নয়। আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ—যেখানেই বাঙালি প্রবাসী সমাজ গড়ে উঠেছে, সেখানেই বাংলা নববর্ষের উজ্জ্বল উপস্থিতি লক্ষ করা যায়।
নিউইয়র্কের টাইম স্কয়ার বা জ্যাকসন হাইটস থেকে শুরু করে টরন্টোর স্কারবরো, লন্ডনের ইস্ট ল্যান কিংবা মেলবোর্নের ড্যান্ডেনং—সবখানে মঞ্চস্থ হচ্ছে বৈশাখী গান, মেলা, পান্তা-ইলিশের আয়োজন, আর শিশুদের ঐতিহ্যবাহী সাজে সজ্জিত করে প্রজন্মের মধ্যে বাঙালিয়ানা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
গ্রামীণ বাংলায় নববর্ষের সকাল শুরু হয় পান্তা-ইলিশ দিয়ে। শহুরে জীবনে যেখানে ইলিশের দাম নিয়ে হাহাকার, সেখানে এই খাবারই হয়ে ওঠে সামাজিক সমতার বার্তাবাহক। হালখাতা, বৈশাখী মেলা, লাঠিখেলা কিংবা নৌকাবাইচ—বৈচিত্র্যের মাঝেই একাত্মতা খুঁজে পায় বাঙালি।
লন্ডনের ব্রিকলেনে বৈশাখী মেলায় যখন বাউল গানের সুর ভেসে যায়, টরন্টোর স্টিলস অ্যাভিনিউয়ে যখন মাইকের মাধ্যমে বেজে ওঠে নজরুলের "কারার ঐ লৌহকপাট", তখন বোঝা যায়—বাংলা নববর্ষের সীমানা এখন ভৌগোলিক নয়, বিশ্বজনীন।
নিউইয়র্কের টাইম স্কয়ারের প্রবাসীরা মিলে আয়োজন করেন বৈশাখী উৎসব। সেখানে রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে বাংলা র্যাপ পর্যন্ত শোনা যায়। দুবাইয়ের ১৪৮ তলার বুর্জ খলিফার নিচে বসে বৈশাখের পান্তা ভাতের আয়োজন। টোকিও নগরীতে জাপানি বন্ধুরা শিখছে আল্পনা আঁকা, আর বাংলাদেশি শিশুরা শার্টে লিখে চলেছে "সবাই কে সালাম!"
এই উৎসব শুধু আনন্দের নয়—এটি প্রবাসী প্রজন্মের কাছে বাংলা ভাষা, ইতিহাস ও মূল্যবোধের পাঠশালা। দ্বিতীয় প্রজন্মের কিশোরী তানিশা যখন ক্যালিফোর্নিয়ার স্কুলে বাংলা নববর্ষের প্রেজেন্টেশন দেয়, তখন সে শুধু একটি উৎসবের কথা বলে না—বলে একটি জাতির গল্প।
এই বিশ্ববাংলার নববর্ষ আজ এক নতুন সংহতির প্রতীক। এখানে প্রবাসীরা তাঁদের শিশুদের শেখাচ্ছেন বাংলা গান, কবিতা, আবৃত্তি—যাতে তাঁদের শিকড় থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। এখানে নববর্ষ কেবল নস্টালজিয়ার উপলক্ষ নয়, বরং সাংস্কৃতিক টিকে থাকার সংগ্রামের এক বর্ণময় কৌশল। আমরা অনেক সময় নববর্ষকে রাজনৈতিক চশমায় দেখি, বা নানা বিতর্কে জড়িয়ে ফেলি। কিন্তু এ উৎসবটি বরাবরই এক শান্তিপূর্ণ, অন্তর্দর্শী ও প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়েছে। এ দিনটি আমাদের শেখায়, কেমন করে ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে মেলানো যায়, কেমন করে একটি জাতি তার আত্মপরিচয় টিকিয়ে রাখে পরিবর্তনের জোয়ারে।
বাংলা নববর্ষ আমাদের অন্তরে যে সৌন্দর্য, মানবতা, শিল্পবোধ এবং সহনশীলতা জাগিয়ে তোলে—তা কোনো বিভেদের নয়, বরং তা সম্প্রীতির। এটি একটি অসাম্প্রদায়িক, সর্বজনীন চেতনার প্রকাশ। বাংলা নববর্ষকে আরও বিস্তৃতভাবে উদযাপন করতে হলে আমাদের প্রয়োজন শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক কার্যক্রম, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মেলা-আয়োজন এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যুক্ত হওয়া। পাশাপাশি আমাদের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও উচিত এই উৎসবের অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা, শুধুমাত্র ইলিশ-পান্তা বা সাজ-পোশাকের মধ্যেই আটকে না থেকে।
বাংলা নববর্ষ কেবল একটি ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়—এটি বাঙালির অন্তর্গত প্রাণের প্রকাশ। এটি সময়ের প্রবাহে জড়িয়ে থাকা একটি সংস্কৃতি-চর্চা, যা আমাদের আত্মপরিচয়ের ভিত্তি গড়ে দেয়। আজকের বিশ্বে, যেখানে জাতিসত্তা নানা সংকটে, বৈশ্বিক প্রবাহে শেকড় হারানোর ভয়, সেখানে বাংলা নববর্ষ আমাদের মনে করিয়ে দেয়—আমরা বাঙালি, আমাদের একটি ভাষা আছে, একটি সংস্কৃতি আছে, একটি আত্মা আছে।
তাই বাংলা নববর্ষ হোক প্রতিবার নতুন করে আত্ম-অনুসন্ধানের, ঐক্যের এবং আনন্দযাত্রার অঙ্গীকার। আনন্দের নামেই হোক বা মঙ্গলের—এ নববর্ষ হোক আমাদের সকলের, সারা বিশ্বের -বিশ্ববাংলার।
সাহিত্য থেকে আরো পড়ুন