https://www.prothomalony.com/
18109
literature
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৭
বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত ও জনপ্রিয় কণ্ঠ, ২০০৮ সালের 'ক্লোজ আপ ওয়ান' তারকা লিয়ন খোন্দকার দীর্ঘ বিরতির পর ফিরে আসছেন নতুন সুরের মূর্ছনা নিয়ে। শুধু একক কণ্ঠে নয়, তাঁর নিজস্ব ব্যান্ড সুফীজম-এর ব্যানারে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে একাধিক নতুন গান, যার মধ্যে রয়েছে তিনটি হিন্দি গানও। এর অংশ হিসেবে আসছে নতুন মিউজিক ভিডিও "সোনিয়ো", যেখানে তাঁর সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে আয়েশা রুবাইয়াতকে। গানটির কথা লিখেছেন শফল খোন্দকার। এই নতুন সৃষ্টির ঘোষণা সংগীতপ্রেমীদের মাঝে ইতিমধ্যেই দারুণ কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
এর আগে লিয়নের তিনটি একক অ্যালবাম দেশের শীর্ষস্থানীয় মিউজিক কোম্পানি জি-সিরিজ এবং সঙ্গীতা থেকে প্রকাশিত হয়। '১০১ টা সকাল', 'লিয়ন কাম ব্যাক উইথ ঝালমুড়ি' এবং 'সখী' শীর্ষক অ্যালবামগুলো শ্রোতামহলে ব্যাপক প্রশংসা কুড়ায়। উল্লেখযোগ্য বিষয় হলো, এই তিনটি অ্যালবামের মোট ১৭টি গানের কথা ও সুর সম্পূর্ণ লিয়নের নিজের করা। ক্লাসিকাল, আধুনিক, ফোক কিংবা ব্যান্ড—সংগীতের প্রতিটি ধারায় তাঁর সাবলীল পদচারণা তাঁকে সংগীতাঙ্গনে আলাদা পরিচয় এনে দিয়েছে।
নতুন দফায় লিয়নের নিজস্ব কম্পোজিশনে প্রকাশ পেতে যাচ্ছে "উড়াল পঙ্খী", "শূন্য" এবং "পাগল দিওয়ানা" শিরোনামের গানগুলো। প্রত্যাবর্তন নিয়ে অনুভূতি প্রকাশ করে লিয়ন বলেন, "সংগীত আমার জীবন, আমার শ্রদ্ধা এবং আমার ধ্যানের জায়গা। শ্রোতারা সবসময় পাশে ছিলেন, এবারও চাই তাঁদের ভালোবাসা ও দোয়া।" তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, নতুন এই গানগুলো শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেবে। গানগুলো উপভোগ করা যাবে তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
লিয়নের সংগীতের হাতেখড়ি মাত্র চার বছর বয়সে, একটি সংস্কৃতিমনা পরিবারে। তাঁর প্রথম গুরু ছিলেন প্রয়াত অরুন কুমার মুখার্জি। শৈশবেই অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, ভাওয়াইয়া এবং হামদ-নাতসহ বিভিন্ন বিভাগে তিনি ১০ বার স্বর্ণপদক অর্জন করেন।
২০০৮ সালে 'ক্লোজ আপ ওয়ান' প্রতিযোগিতার সেরা দশে জায়গা করে নেওয়ার পর লিয়ন সংগীতাঙ্গনে এক নির্ভরতার নাম হয়ে ওঠেন। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার ও দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নিয়মিত তালিকাভুক্ত শিল্পী। ভারতসহ দেশের বাইরের বিভিন্ন মঞ্চেও নিজের ব্যান্ড "সুফীজম" নিয়ে দর্শক মাতিয়েছেন তিনি। লিয়ন খোন্দকারের এই প্রত্যাবর্তন সংগীতাঙ্গনে নতুন এক স্পন্দন তৈরি করবে বলেই প্রত্যাশা ভক্ত ও সংগীতপ্রেমীদের।
সাহিত্য থেকে আরো পড়ুন