https://www.prothomalony.com/

12628

bangladesh

বাংলাদেশ

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ প্রক্রিয়া থেকে সরে আসার দাবি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫ ২৩:৩৯

হবিগঞ্জের মেডিকেল কলেজ বন্ধের প্রক্রিয়া থেকে সরে এসে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত ও নাগরিক সুবিধায় এটিকে সম্পৃক্ত করার আহবান জানিয়েছে হবিগঞ্জের নাগরিক সমাজ।
 
রোববার (২ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করে নাগরিক সমাজের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, ঢাকাস্থ হবিগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক (সাবেক অতিরিক্ত সচিব) আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড ১) আবু তাহের মুহাম্মদ জাবের, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।
 
প্রতিনিধি দল বিশেষ সহকারীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এ সময় হবিগঞ্জবাসীর স্বার্থে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের গুরুত্ব তুলে এটির বন্ধ প্রক্রিয়া থেকে সরে এসে এর স্থায়ী ক্যাম্পাস, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান।
 
প্রতিনিধি দল জানান, চিকিৎসা সেবার সুযোগ সুবিধা কম থাকার পরও ভৌগলিক কারণ এবং ভালো যোগাযোগ ব্যবস্থা থাকায় জেলাবাসীসহ পার্শ্ববর্তী জেলা থেকে অনেক রোগী হবিগঞ্জে চিকিৎসা নিতে আসেন। তাই জনস্বার্থ বিবেচনায় হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন করে বিপুল সংখ্যক রোগীর ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করে জেলাবাসীর নাগরিক অধিকারে হবিগঞ্জ মেডিকেল কলেজকে সম্পৃক্ত করার দাবি জানান প্রতিনিধিদল।

ইতিমধ্যেই পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তণ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ দায়িত্বশীল দপ্তরে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের পক্ষ থেকে এব্যাপারে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন