https://www.prothomalony.com/
12409
literature
অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে দিলীপ কুমার বড়ুয়ার বৌদ্ধ মূর্তিতত্ত্ব।
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ০৫:১৬
অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে দিলীপ কুমার বড়ুয়ার বৌদ্ধ মূর্তিতত্ত্ব।

বইটির প্রকাশক বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। বৌদ্ধ মূর্তিতত্ত্ব বাংলা একাডেমির অভ্যন্তরে অগ্রণী ব্যাংকের বিপরীত পাশের ১০৯২ ও ১০৯৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
বইটিতে মূলত লেখক ধর্মের সঙ্গে শিল্পকলার কি সম্পর্ক তা তুলে ধরতে চেষ্টা করেছেন। লেখক বইটিতে প্রমাণ করেছেন, ধর্মীয় প্রয়োজনে বা একান্ত ধর্মবোধ থেকেই ধর্মীয় শিল্পকলার সৃষ্টি যা বৌদ্ধ শিল্পকলার ক্ষেত্রেও সত্য। মূলত বুদ্ধের জীবন-দর্শনকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ শিল্পকলার সূচনা হয়েছিল। বৌদ্ধধর্মের প্রচার-প্রসারের সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলের শিল্পীদের মননশীল চিন্তা-চেতনা এবং কারিগরি বা শৈল্পিক দক্ষতায় বৌদ্ধ শিল্পকলা তিনটি ধারায় সৃমদ্ধ হয়ে উঠে। এগুলো হলো স্থাপত্যিক শিল্প, মূর্তিশিল্প ও চিত্রশিল্প। যুগ পরিক্রমায় ধীরে ধীরে বৌদ্ধ মূর্তিশিল্প নানা আঙ্গিকে বিকাশ লাভ করে এবং বৈচিত্র্যময় রূপ পরিগ্রহপূর্বক স্বমহিমায় বিশ্ব শিল্পকলার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে স্থান করে নেয়। কিন্তু, প্রাচীন বৌদ্ধ মূর্তিশিল্পের অধিকাংশ আদি নিদর্শনই কালের করাল গ্রাসে হারিয়ে গেছে। অবশ্য বিভিন্ন আকর গ্রন্থে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা তথ্য এবং স্থাপত্যিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রাচীন বৌদ্ধ মূর্তিশিল্পের আকৃতি-প্রকৃতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা ধারণা লাভ করা যায়। সেসব তথ্য ও নিদর্শন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার-বিশ্লেষণপূর্বক এ গ্রন্থে বৌদ্ধ মূর্তিশিল্পের বিভিন্ন দিক সম্পর্কে লেখক আলোচনা করেছেন।
দিলীপ বড়ুয়া তার বই সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘বইটি বের করে আমি খুবই আনন্দিত। আমি কোনো ধর্মীয় সম্প্রদায়ের উদ্দেশ্য এটি লিখিনি। আমি বিশ্বাস করি, শিল্পকলা তথা জাদুঘর বিষয়ে গবেষণা ও জ্ঞান অর্জনের জন্য বইটি সহায়ক ভূমিকা পালন করবে। আর পাঠকদেরকে বলবে পড়ো পড় পড়।’
দিলীপ কুমার বড়ুয়া বহু বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দিলীপ কুমার জাপানের আইচি গাকুইন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং জাপান সরকারের জেএসপিএস স্কলারশিপে পোস্ট-ডক্টরাল গবেষণা সমাপ্ত করেন। জাপান থেকে তার প্রকাশিত বই সংখ্যা ২। বড়ুয়ার এককভাবে ও সম্পাদিত প্রকাশিত বই ১৭টি। দেশ-বিদেশের খ্যাতনামা গবেষণা জার্নালে অধ্যাপক দিলীপ কুমারের ৪০টির অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি আমেরিকা, কানাডা, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা ও ভারতে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে যোগদান ও প্রবন্ধ উপস্থাপন করেছেন। এছাড়া ড. দিলীপ কুমার বড়ুয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।
সাহিত্য থেকে আরো পড়ুন