https://www.prothomalony.com/
12240
literature
বাংলা ভাষা ও সাহিত্যের প্রচার-প্রসারে অনন্য ভূমিকা রাখা মুক্তধারা ফাউন্ডেশন ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার প্রস্তুতি শুরু করেছে। গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সভায় মেলা সফলভাবে সম্পন্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ডা. জিয়াউদ্দিন আহমেদকে ২০২৫-২০২৬ কার্যকরী পরিষদের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করা হয়েছে। তবে বর্তমান চেয়ারপারসন ড. নূরুন নবীর নেতৃত্বাধীন পরিষদই ২০২৫ সালের বইমেলার দায়িত্ব পালন করবে।

বইমেলার আহ্বায়ক রোকেয়া হায়দার মেলার প্রস্তুতি কমিটির একটি রূপরেখা উপস্থাপন করেন। তাঁর নেতৃত্বে মেলার সকল কার্যক্রম পরিচালিত হবে। বিশেষত তরুণ স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্তির প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, যা মেলার সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সভায় উপস্থিত ছিলেন—বর্তমান চেয়ারপারসন ড. নূরুন নবী, নবনির্বাচিত চেয়ারপারসন ডা. জিয়াউদ্দিন আহমেদ, উপদেষ্টা ড. আবদুন নূর ও গোলাম ফারুক ভূঁইয়া, ভাইস চেয়ারপারসন নিনি ওয়াহেদ ও সউদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিইও বিশ্বজিত সাহা, সহ-সাধারণ সম্পাদক ফাহিম রেজা নূর, কোষাধ্যক্ষ সাবিনা হাই উর্বি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুরাদ আকাশ, প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন এবং কার্যকরী সদস্যরা।
গত ৩৩ বছর ধরে মুক্তধারা ফাউন্ডেশন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষার সর্ববৃহৎ বইমেলার আয়োজন করে আসছে। এবারের মেলা ২৩-২৬ মে, ২০২৫ পর্যন্ত জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি আশাবাদী, অভিবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের মেলাও পূর্বের মতোই সফল ও সার্থক হবে। মেলাকে ঘিরে বাংলা সাহিত্য ও সংস্কৃতির নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও তারা প্রত্যাশা করেন।
সাহিত্য থেকে আরো পড়ুন