https://www.prothomalony.com/

11250

bangladesh

বাংলাদেশ

কোর্ট ১ মাস সময় দিয়েছে, শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪ ০৮:৪২

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ছাত্র-জনতার আন্দোলনে হত্যার নির্দেশসহ বেশ কিছু মামলায় বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকার ব্যবস্থা নেবে, একমাসের সময় দিয়েছে কোর্ট।

১৭ অক্টোবর বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে তার সরকারের আমলের বেশ কিছু মেগা প্রজেক্টে দুর্নীতির অভিযোগ রয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনাসহ যে ৪০-৪৫ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, তারা কোথায় আছেন তা পররাষ্ট্র মন্ত্রণালয় জানার চেষ্টা করছে।’ 

শেখ হাসিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘আন-অফিশিয়ালি জানতে পেরেছি তিনি এখনো দিল্লিতেই অবস্থান করছেন।’

শেখ হাসিনাকে ফেরত দিতেই হবে এমন কোনো বিষয় আছে কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘ভারত ফেরত দেবে কি না সেটা তাদের বিষয়। চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা। এখানে লিগ্যাল প্রসেস থাকে। আমি জানি না সেটা কীভাবে হবে? যদি লিগ্যাল সিস্টেম চায় তাকে ফেরত আনতে হবে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব।’

ভারতে শেখ হাসিনা কীভাবে অবস্থান করছেন? প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, সেটা ভারতীয়দের ব্যাপার, তাদেরই জিজ্ঞেস করুন- কী স্ট্যাটাসে তিনি সেখানে আছেন। গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে এ পর্যন্ত দুই শতাধিক মামলা ও অভিযোগ দায়ের হয়েছে, যার অধিকাংশই হত্যাসংক্রান্ত। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে দেশে ফেরানোর দাবি জোরালো হচ্ছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন