https://www.prothomalony.com/
11225
bangladesh
আমার এজলাস থেকে বের হও, বেয়াদব, থাপ্পড় দিয়ে দিয়ে পুলিশে দেব; আইনজীবীকে বিচারপতি! বেঞ্চ ভেঙে দিলেন প্রধান বিচারপতি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪ ০৩:২৪
আদালতের কার্যতালিকায় অনিয়মের অভিযোগ দিতে গেলে আইনজীবীকে থাপ্পড় মেরে পুলিশে দেওয়ার হুমকি দেন বিচারপতি। এতে বিচারকক্ষে শুরু হয় আইনজীবীদের হট্টগোল। এমন পরিস্থিতিতে এজলাস ত্যাগ করেন বিচারপতি। পরে অভিযোগ দিলে ওই বিচারপতির বিচারিক ক্ষমতা কেড়ে নেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বিচারিক ক্ষমতা হারানো বিচারপতির নাম আতাউর রহমান খান। জানা যায়, ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে মামলার শুনানির শুরুতে মেনশনের সময় আইনজীবীদের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান আদালতে বলেন, মাননীয় আদালত আপনার আদালতের বেঞ্চ অফিসাররা অনিয়ম করে সকল জমাকৃত মামলা ঠিকমত দৈনিক কার্যতালিকায় দেননি। এতে অসংখ্য আইনজীবী বঞ্চিত হয়েছেন।
উত্তরে বিচারপতি আতাউর রহমান খান ওই আইনজীবীর প্রতি ক্ষিপ্ত হয়ে হাত উঁচিয়ে বলেন, আমি বারের নেতা ছিলাম। তোমাকে কে সাহস দিয়েছে, আমার আদালতের বিরুদ্ধে কথা বলতে? আমার এজলাস থেকে বের হও, বেয়াদব। তোকে থাপ্পড় দিয়ে পুলিশে দেব।
এ সময় বিচারকক্ষে আইনজীবী বলেন, আমি তো শুরুতে অ্যাপোলজি চেয়ে আপনার কাছে বিষয়টি উপস্থাপন করছি। মাই লর্ড আপনি এভাবে আচরণ করতে পারেন না।
জবাবে, বিচারপতি আবারও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় আইনজীবীরা আদালত কক্ষে হট্টগোল, হৈ চৈ শুরু করলে এজলাস ত্যাগ করেন বিচারপতি আতাউর রহমান খান।
পরে এ ঘটনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের একটি বেঞ্চ ভেঙে দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার প্রধান বিচারপতি সংশ্লিষ্ট বেঞ্চ থেকে বিচারপতি মো. আতাউর রহমান খানকে সরিয়ে দিয়েছেন। বিকালে ওই বেঞ্চের দ্বিতীয় বিচারপতি কেএম হাফিজুল আলম ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে বেঞ্চ গঠন করা হয়েছে। এর আগে প্রধান বিচারপতি বরাবর অভিযোগ দাখিল করেন কয়েকজন আইনজীবী। সেখানে বলা হয়, হাইকোর্ট বিভাগের ৭নং বেঞ্চ (মূল ভবন) ভ্যাকেশন এখতিয়ারাধীন শুরু থেকেই মামলার কার্যতালিকা তৈরি ও শুনানিতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়ে আসছে। এ বিষয়গুলো নিরসনের জন্য আইনজীবী সমিতির প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
পরে ব্যারিস্টার আশরাফ সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন